হোম » আন্তর্জাতিক » নতুন দায়িত্ব নেওয়া ড্রোন প্রধানকেও হত্যার দাবি ইসরায়েলের

নতুন দায়িত্ব নেওয়া ড্রোন প্রধানকেও হত্যার দাবি ইসরায়েলের

আওয়াজ অনলাইনঃ ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) এক শীর্ষ কমান্ডারকে হত্যা করার দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী। নিহত কমান্ডারের নাম আমিন পোর জোদখি। প্রায় এক সপ্তাহ আগে তার পূর্বসূরিকেও হত্যা করেছিল ইসরায়েল। ইসরায়েলি সামরিক বাহিনীর এক বিবৃতিতে জানানো হয়, জোদখি বিপ্লবী গার্ডের দ্বিতীয় ইউএভি (ড্রোন) ব্রিগেডের দায়িত্বে ছিলেন বা এই ইউনিটের নেতৃত্ব দিচ্ছিলেন

ইসরায়েলের দাবি, ১৩ জুন যে শীর্ষ ইউনিট কমান্ডারকে হত্যা করা হয়েছিল, তারপর থেকেই জোদখি আরো গুরুত্বপূর্ণ এবং উঁচু পর্যায়ের দায়িত্ব গ্রহণ করেছিলেন।

উল্লেখ্য, ইরানের ড্রোন বা ইউএভি এই সংঘাতের একটি বড় উপাদান হয়ে উঠেছে, যদিও সামরিকভাবে সেগুলোর প্রভাব সীমিত। কারণ, অধিকাংশ ড্রোনই গন্তব্যে পৌঁছানোর আগেই ভূপাতিত করা হয়েছে। তবে সামরিক বিশ্লেষকদের মতে, এই ড্রোনগুলোর মোকাবেলায় বিপুল পরিমাণ প্রযুক্তি, জনবল ও সম্পদ খরচ করতে হচ্ছে, যা সামগ্রিকভাবে প্রতিপক্ষের ওপর চাপ তৈরি করছে।

ইসরায়েলের এই দাবি ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে নিশ্চিত বা প্রত্যাখ্যান করা হয়নি। দুই দেশের মধ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে এই হত্যাকাণ্ড পরিস্থিতিকে আরো জটিল করে তুলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

সূত্র : আলজাজিরা

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!