
মোহাম্মদ খোরশেদ হেলালী কক্সবাজার: কক্সবাজারের উখিয়া কুতুপালং রোহিঙ্গা ট্রানজিট ক্যাম্পে এপিবিএন পুলিশের এক নারী সদস্যকে ইভটিজিংকে কেন্দ্র করে রোহিঙ্গা ও পুলিশের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটেছে। রবিবার (৪ মে) রাত সাড়ে ৯টার দিকে উখিয়ার কুতুপালং ট্রানজিট ক্যাম্পে এ ঘটনা ঘটে। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আরিফ হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন,রবিবার রাত সাড়ে ৯টার দিকে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ট্রানজিট ক্যাম্পে এপিবিএন পুলিশ সদস্যরা অভ্যন্তরীণ ব্রিফিং শেষে ফিরছিলেন। পথে ট্রানজিট ক্যাম্পের কয়েকজন রোহিঙ্গা যুবক এক নারী পুলিশ সদস্যকে পিছনের দিক থেকে বোরকা ধরে টান দেয় ও উত্ত্যক্ত করতে থাকে। পরে পিছনে থাকা তার স্বামী পুলিশ সদস্য শাকিল আহমেদসহ কয়েকজন সহকর্মী প্রতিবাদ করলে তাদেরকেও অকথ্য ভাষায় গালিগালাজ করে রোহিঙ্গা যুবকেরা।
একপর্যায়ে ওই যুবকদের জিজ্ঞাসাবাদের জন্য ক্যাম্পে নিয়ে গেলে তাদের পরিবারের সদস্যসহ ট্রানজিট ক্যাম্পের অন্যান্য রোহিঙ্গারা উত্তেজিত হয়ে পুলিশ বক্সের দিকে ইট-পাটকেল ছুঁড়ে মারে। এছাড়া উভয় পক্ষের মধ্যে ধস্তাধস্তি হয়। পরবর্তীতে পুলিশ কর্মকর্তারা এসে সংঘর্ষ থামায় ও উত্তেজিত রোহিঙ্গাদের শান্ত করে।
তিনি আরও বলেন, এ ঘটনায় অভিযোগ পেলে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলে ছাত্রদলের সহ-সভাপতির বিরুদ্ধে র্যাগিং ও শারীরিক নির্যাতনের অভিযোগ
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া