
হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। শুক্রবার (১৮ এপ্রিল) ভোর রাতে ঢাকা-পাবনা মহাসড়কের উল্লাপাড়া রেলওয়ে স্টেশনের পাশে ব্রহ্মকপালিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলো, পাবনার হরিনাথপুর গ্রামের মতিউর রহমানের ছেলে মাইক্রোবাসের চালক মনছুরুল আলম (৪৩) ও একই গ্রামের জীবন চন্দ্র শীলের ছেলে মানিক চন্দ্র শীল (৪২)। এ সময় মাইক্রোবাসের যাত্রী সুম্য দাসের ছেলে সুমন কুমার দাস (৪২) আহত হয়েছে। তাকে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রউফ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনার সময় বাঘাবাড়ি থেকে একটি সিমেন্ট বোঝাই ট্রাক বগুড়া যাচ্ছিল। উল্লাপাড়া রেলওয়ে স্টেশনের পাশে ঢাকা থেকে পাবনাগামী একটি মাইক্রোবাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দুইজন মারা যান ও একজন আহত হন।
তিনি আরো জানান, ঘটনার সময় ট্রাকের চালক ও হেলপার পালিয়ে যায়। পুলিশ ট্রাকটি আটক করেছে। দুর্ঘটনার পর স্থানীয়রা উদ্ধার কাজে পুলিশকে সহযোগিতা করে। পরে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন
নওগাঁ সদর থানার অভিযানে সুলতানপুরের কুখ্যাত সন্ত্রাসী খোকন গ্রফতার
কিশোরগঞ্জে পুলিশ সদস্যদের স্কুল পড়ুয়া ছেলে ট্রাকচাপায় নিহত
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান