
চন্দনাইশ(চট্টগ্রাম)প্রতিনিধি: চন্দনাইশ উপজেলার রওশনহাট এলাকায় ফজলুল ইসলাম নামে এক প্রবাসিকে অপহরণ করে তুলে নিয়ে ১০ লক্ষ টাকা চাঁদা দাবির অভিযোগ পাওয়া গেছে। এব্যাপারে প্রবাসি ফজলুল ইসলাম বাদী হয়ে ৪ জনের নাম উল্লেখ করে চন্দনাইশ থানায় একটি মামলা দায়ের করেন। উক্ত মামলার ২ আসামীকে গ্রেপ্তার করেছে চন্দনাইশ থানা পুলিশ। গত ৫ এপ্রিল দুপুরে উপজেলার রওশনহাট এলাকা থেকে ইব্রাহিম খোকাকে এবং এর আগে গত ২৭ মার্চ নুর হোসেন (২৩) কে গ্রেপ্তার করা হয়।
থানায় দায়েরকৃত মামলা সুত্রে জানা যায়, গত ১৫ মার্চ দেশে আসেন মধ্যপ্রাচ্য প্রবাসী ফজলুল ইসলাম। গত ২৭ মার্চ সকালে তিনি মোটর সাইকেলযোগে চন্দনাইশ যাওয়ার পথে রওশন হাট ব্রিজ এলাকায় একটি অটোরিক্সা তাকে পেছন থেকে ধাক্কা দিলে অটোরিক্সা চালকের সাথে তার কথা কাটাকাটি হয়। এসময় অটোরিকসার পিছনের সিটে থাকা ৩ যাত্রী তাকে মারধর করে তার হাতে থাকা ২ লক্ষ ১৫ হাজার টাকা মূল্যের আইফোন, নগদ ৫০ হাজার টাকা ছিনিয়ে নেয়।
এ সময় তারা ফজলুলকে জোরপূর্বক তাদের অটোরিক্সায় তুলে পার্শ্ববর্তী বিলে বটতল পুকুরপাড় নামক স্থানে নিয়ে যায় এবং মুক্তিপণের জন্য ১০ লাখ টাকা দাবি করে। খবর পেয়ে পটিয়া ও চন্দনাইশ থানা পুলিশ এবং স্থানীয়রা ফজলুলকে উদ্ধার করে চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। এ সময় স্থানীয়রা অটোরিক্সা চালক নুর হোসেনকে আটক করে পুলিশে দেয়। এ ব্যাপারে প্রবাসী ফজলুল ইসলাম বাদী হয়ে নুর হোসেন (২৩), আবদুর রহমান প্রকাশ আবু সামা (৩৭), ইব্রাহিম খোকা (২১), মো. মানিক (২২)’র নাম উল্লেখ করে গত ২৭ মার্চ থানায় মামলা দায়ের করেন।
ওই মামলার ৩নং আসামী কাঞ্চনাবাদ ইউনিয়নের বাতুয়ারপাড়ার মৃত আবুল কাশেমের ছেলে ইব্রাহিম খোকাকে গত ৫ এপ্রিল শনিবার রওশনহাট এলাকা গ্রেপ্তার করে। উক্ত মামলার ১নং আসামী কাঞ্চনাবাদ ইউনিয়নের পশ্চিম এলাহাবাদ এলাকার মৃত শহর মুল্লুকের ছেলে নুর হোসেনকে ঘটনারদিনই গ্রেপ্তার করে পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নুরুজ্জামান জানান, উক্ত ঘটনায় গ্রেপ্তারকৃত নুর হোসেনকে ইতিমধ্যে আদালতে প্রেরণ করা হয়েছে এবং গ্রেপ্তারকৃত ইব্রাহিম খোকাকে গতকাল রবিবার আদালতে প্রেরণ করা হবে।

আরও পড়ুন
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান
ঠাকুরগাঁওয়ে জগন্নাথদেবের উল্টো রথযাত্রা মহোৎসব অনুষ্ঠিত