
মোহাম্মদ খোরশেদ হেলালী কক্সবাজার: কক্সবাজারের নাফ নদীতে মাদক কারবারিদের সঙ্গে কোস্টগার্ডের গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে এক ব্যক্তি নিহত হয়েছেন। উদ্ধার করা হয়েছে মাদক ও অস্ত্র। এসময় আটক করা হয় ১৬ জন দুর্বৃত্তকে। শনিবার (৪ ডিসেম্বর) সকালে শাহপরীর দ্বীপের কাছাকাছি নাফনদীর গোলার চরে এ ঘটনা ঘটে।
নিহত মোসলেহ উদ্দিন (৫০) ভোলা জেলার চরফ্যাশন এলাকার বাসিন্দা। তবে আটকদের নাম ও পরিচয় জানা যায়নি। তাদের মধ্যে ১১ জন বাংলাদেশি নাগরিক ও ৫ জন রোহিঙ্গা।
শনিবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন কোস্টগার্ড টেকনাফ স্টেশনের কন্টিনজেন্ট কমান্ডার মো. জালাল উদ্দিন।
জালাল উদ্দিন বলেন, শনিবার ভোরে টেকনাফের শাহপরীরদ্বীপ সংলগ্ন নাফ নদীর মোহনায় মিয়ানমার দিক থেকে আসা সন্দেহজনক একটি ট্রলার দেখতে পায় কোস্টগার্ড সদস্যরা। এতে ট্রলারটিতে থাকা লোকজনকে থামার জন্য নির্দেশ দিলে কোস্টগার্ড সদস্যদের লক্ষ্য করে অতর্কিত গুলি ছুড়তে থাকে।
কোস্টগার্ড সদস্যরাও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুড়ে। এ ঘটনায় এক মাদক কারবারি নিহত হয়। পরে ধাওয়া দিয়ে ট্রলারটি জব্দ করা সম্ভব হয়। এবং সেখানে ১৬ জনকে আটক করে তিনটি অস্ত্র ও ১০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। আটক ১৬ জনের মধ্যে গুলিবিদ্ধ একজন মারা গেছেন। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
নামপ্রকাশে অনিচ্ছুক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর একজন চিকিৎসক বলেন, ভোর চারটার দিকে কোস্টগার্ডের এক কর্মকর্তা অনুমানিক ৩৫ বছর বয়সের এক ব্যক্তির মরদেহ হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালে আনার আগেও ওই ব্যক্তি মারা যায়। পরে সকালে থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে নিয়ে যায়।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, টেকনাফ হাসপাতাল থেকে এক মাদক কারবারির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২