
আল মাহমুদ দোলন,পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড়ের তেতুঁলিয়া উপজেলার সীমান্ত এলাকা দিয়ে ভারতে অবৈধ অনুপ্রবেশের সময় ৫ বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (১১ ডিসেম্বর) বিকেলে ভজনপুর ইউনিয়নের শিবচন্ডি সীমান্তে মেইন পিলার ৭৪০ এর ৩ নম্বর সাব পিলার এলাকা থেকে নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের শুকানী বিওপি সদস্যরা তাদের আটক করেন।
আটকের সময় তাদের কাছ থেকে নগদ ১৪,৭০৭ টাকা, ৪০৫ ভারতীয় রুপি, একটি স্মার্ট ফোন, তিনটি বাটন ফোন, এক ভরি স্বর্ণালংকার, সাত ভরি রৌপ্যলংকার এবং দুটি হাতঘড়ি জব্দ করা হয়।
আটককৃতরা হলেন ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার ধন্দুগাঁও এলাকার মনিরাম চন্দ্র বর্মন (৫১), তার স্ত্রী হিরা রানী বর্মন (৩৫), ছেলে রিপন চন্দ্র বর্মন (২১), মেয়ে পাপড়ি রানী বর্মন (১৩) এবং মনিরামের ভাতিজা নিমাই চন্দ্র বর্মন (২৩)। মনিরামের মেয়ে পাপড়ি রানীর অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের পক্ষ থেকে জানানো হয়, ঠাকুরগাঁওয়ের এক দালালের মাধ্যমে এক লাখ টাকার বিনিময়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছিলেন তারা। সীমান্ত এলাকায় বিজিবি এবং বিএসএফ যৌথভাবে তৎপর থাকায় তাদের আটক করা সম্ভব হয়েছে। এ ঘটনায় বিজিবি তেতুঁলিয়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে।
বিজিবি অধিনায়ক শেখ মোঃ বদরুদ্দোজা বলেন, সীমান্তে আমাদের কঠোর নজরদারি রয়েছে। অবৈধ অনুপ্রবেশ, মাদক এবং চোরাচালান প্রতিরোধে বিজিবি সদা প্রস্তুত।

আরও পড়ুন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার