
বেসরকারি ব্যাংকের উদ্যোক্তা ও পরিচালকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকের (বিএবি) নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ঢাকা ব্যাংকের চেয়ারম্যান আব্দুল হাই সরকার। তিনি নজরুল ইসলাম মজুমদারের স্থলাভিষিক্ত হলেন।
সংগঠনটির সর্বশেষ চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার ২০০৮ সালের জানুয়ারি থেকে টানা চেয়ারম্যান পদে ছিলেন। সরকার পরিবর্তনের পর নজরুল ইসলাম মজুমদারকে এক্সিম ব্যাংকের পরিচালক ও চেয়ারম্যান পদ থেকে সরিয়ে দেয় বাংলাদেশ ব্যাংক। ফলে বিএবি’র চেয়ারম্যান পদও হারান তিনি। চেয়ারম্যানের পাশাপাশি বিএবি’র দুই ভাইস চেয়ারম্যানসহ কমিটির একাধিক সদস্য ব্যাংকের পরিচালক পদ হারিয়েছেন।
এ কমিটিতে ভাইস চেয়ারম্যান ছিলেন আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবদুস সামাদ লাবু। তিনি এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলমের ভাই। অপর ভাইস চেয়ারম্যান ছিলেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) ভাইস চেয়ারম্যান আনিসুজ্জামান চৌধুরী। তিনি সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর ভাই। তাদেরও নিজ নিজ ব্যাংক থেকে সরিয়ে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এসব কারণে বিএবি নেতৃত্বশূন্য হয়ে পড়েছিল।
নজরুল ইসলাম মজুমদার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অতি ঘনিষ্ঠ ব্যবসায়ী হিসেবে পরিচিত। বিভিন্ন সময়ে ব্যাংক কোম্পানি আইন পরিবর্তন করে উদ্যোক্তাদের সুবিধা বাড়ানো এবং নীতি পরিবর্তনে ভূমিকা রেখে আসছিলেন তিনি। এসব কারণে বহুল আলোচিত-সমালোচিত বিএবি’র চেয়ারম্যান ছিলেন নজরুল ইসলাম মজুমদার।
-আওয়াজ ডেস্ক-

আরও পড়ুন
বুধবার ‘ব্যাংক হলিডে’, লেনদেন বন্ধ
অফিসার্স ক্লাবে রূপালী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন
কোটি টাকার যুগে এক হাজার টাকার নোট এখন অনেকটাই অপ্রতুল মনে হচ্ছে