
জামালপুর সদরে দুর্বৃত্তদের হামলায় এক আওয়ামী লীগ নেতার মৃত্যু ঘটেছে। নিহত আওয়ামী লীগ নেতা আহসান আলী সদর উপজেলার লক্ষীরচরের সাবেক ইউপি সদস্য। রবিবার (১ সেপ্টেম্বর) রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।
জানা গেছে শনিবার (৩১ আগস্ট) দুপুরে পাঁচ ছয়জন দুর্বৃত্ত তার উপর হামলা করে । দুর্বৃত্তদের উপর্যুপরি হামলায় আহসান আলী গুরুতর আহত হয়। তিনি লক্ষীরচর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ও ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, লক্ষীরচর ইউনিয়ন কার্যালয়ে টিসিবির স্লিপ বিতরণ শেষে মোটরসাইকেলে বাড়ির উদ্দেশে রওয়ানা হন আহসান আলী। পথে ইলিমবাড়ী মসজিদের কাছে পৌঁছানোর পর ৪-৫ জন দুর্বৃত্ত তাকে মোটরসাইকেল থেকে নামিয়ে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে পাশের জমিতে ফেলে রাখে। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে জামালপুর জেনারেল হাসপাতালে পরে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অবস্থার অবনতি হলে ইউপি সদস্য আহসান আলীকে ময়মনসিংহ থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। রবিবার রাত ৮টার দিকে ঢাকার একটি হাসপাতালে মারা যান তিনি।
সোমবার (২ সেপ্টেম্বর) নিহতের মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। শনিবার পূর্ব শত্রুতার জেরে সাবেক ইউপি চেয়ারম্যান শাহজাহানের পরিবারের সদস্যদের উপর হামলা হয়। এতে উভয়পক্ষের পাঁচজন আহত হয়। আহতরা হলেন নিহত আহসান আলী মেম্বারের ছোটভাই কামাল হোসেন, প্রতিপক্ষের আব্দুস সামাদের ছেলে আলী হোসেন, হারুন মাস্টারের ছেলে সম্রাট হোসেন ও সুমন। এর মধ্যে আলী হোসেনকে ঢাকায় নেয়া হয়েছে। বাকিদের জামালপুর ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে সেনাবাহিনীর একটি দল ও জামালপুর সদর থানা পুলিশ। এ নিয়ে এলাকায় চরম উত্তেজনা দেখা দেয়। নিহতের বিক্ষুব্ধ লোকজন রামদা ও লাঠিসোটা নিয়ে নৌকাযোগে লক্ষীরচর থেকে নান্দিনা বাজারে আসে এবং আব্দুস সামাদের ছেলে আলী হোসেনকে ছুরিকাঘাত ও মারধর করে। এছাড়াও নাজিম, সম্রাট ও সুমনের দোকানে হামলা চালিয়ে ভাঙচুর করে।
-রবিউল হাসান লায়ন-

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক