
নানা আয়োজনের মধ্যে দিয়ে সিরাজগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উৎসব পালিত হয়েছে। সোমবার (২৬ আগষ্ট) সকালে জন্মাষ্টমী উপলক্ষে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখার আয়োজনে শহরের ভাসানী কলেজের সামনে এই জন্মাষ্টমী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক গণপতি রায় মঙ্গল প্রদীপ প্রজ্জলন করে অনুষ্ঠানের উদ্বোধন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ সদর ও কামারখন্দ আসনের সাবেক সংসদ সদস্য, জেলা বিএনপির সভাপতি রোমানা মাহমুদ।
জন্মাষ্টমী উদযাপন কমিটির আহ্বায়ক কল্যাণ কুমার সাহার সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, জেলা জামায়াতের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক অমর কৃষ্ণ দাস, সাবেক সাধারণ সম্পাদক ইন্দ্রজীৎ সাহা, পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য হীরক গুন, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক দিলীপ গৌরসহ নেতৃবৃন্দ।
পরে শহরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। বাদ্য বাজনা আর বিভিন্ন সাজে সজ্জিত হয়ে সনাতন ধর্মাবলম্বীরা শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কালিবাড়ি গোবিন্দবাড়ি মন্দিরে এসে শেষ হয়।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক