হোম » সারাদেশ » কুবিতে শিক্ষকের উপর হামলা; প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন

কুবিতে শিক্ষকের উপর হামলা; প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন

সজীব আহম্মেদ রিমন, কুবি প্রতিনিধি : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) প্রত্নতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক মো. মোর্শেদ রায়হান (হিমু) উপর উপাচার্য ও তার অনুসারীদের হামলার প্রতিবাদ জানিয়ে  মানববন্ধন করেছে প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা। 

বুধবার (২রা মে) দুপুর সাড়ে ১১ টায় কলা ও সমাজবিজ্ঞান অনুষদের সামনে বিভাগটির ১৩তম আবর্তনের শিক্ষার্থী বি এম সুমনের সঞ্চালনায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বিভাগটির ১৪ তম আবর্তনের শিক্ষার্থী খন্দকার নাজমুল ইসলাম বলেন, ‘উপাচার্যের ভুল ও হটকারিতামূলক সিদ্ধান্তে ক্যাম্পাসে যে অরাজকতা সৃষ্টি হয়েছে। খুব দ্রুত এই অরাজকতার অবসান ঘটানো হোক এবং পিতৃতুল্য শিক্ষককে উপাচার্য ও তার অনুসারীরা যে আঘাত করেছেন, তা অত্যন্ত ঘৃণ্য ও ন্যাক্কারজনক। আমি এই ন্যাক্কারজনক ঘটনার সুষ্ঠু বিচার চাই।’

মানববন্ধনে বিভাগটির ১২তম আবর্তনের শিক্ষার্থী মুতাসিম বিল্লাহ পাটোয়ারি রিফাত বলেন, ‘আমরা অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে আজকের এই মানববন্ধনে দাঁড়িয়েছি। কারণ, আমার শিক্ষক লাঞ্ছিত, অপমানিত এবং আক্রমণের স্বীকার হয়েছে। তাই আমরা এই মানববন্ধনের মধ্য দিয়ে প্রশাসনসহ সকলের নিকট স্পষ্ট বার্তা দিতে চাই যে, মুর্শেদ রায়হান হিমু স্যার সহ যাদের উপর হামলা হয়েছে অনতিবিলম্বে তার  সুষ্ঠু তদন্ত ও বিচার করা হোক।

মানববন্ধনে বিভাগটির সহকারী অধ্যাপক মোঃ সাদেকুজ্জামান বলেন, ‘এই প্রশাসনের নৈতিক স্থুলন হয়েছে। শান্তিপূর্ণ অবস্থানে একজন উপাচার্য যেভাবে মুর্শেদ রায়হান হিমুকে পিছন থেকে আঘাত করেছে তা মধ্যযুগের বর্বরতাকে ছাড়িয়ে গিয়েছে। উপাচার্যসহ যারা শিক্ষকদের উপর হামলার নেতৃত্ব দিয়েছে তাদেরকে বিচারের আওতায় আনা হোক। এছাড়া, আমি দাবি জানাই, উপাচার্যকে স্বীয় পদ হতে অতিদ্রুত অপসারণ করে এই সংকট সমাধান করা হোক।

মানববন্ধনে উপস্থিত ছিলেন বিভাগটির বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ সোহরাব উদ্দীন, সহকারী অধ্যাপক মো. মুর্শেদ রায়হান, ছাত্র উপদেষ্টা এবং সহকারী অধ্যাপক মোহাম্মদ মশিউর রহমান, সহকারী অধ্যাপক মোহাম্মদ শহীদুল ইসলাম চৌধুরী, সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ মাহমুদুল হাছান খান, সহকারী অধ্যাপক সাথী রানী কুন্ডু, সহকারী অধ্যাপক মুতাসিম বিল্লাহ, সহকারী অধ্যাপক মোহাম্মদ নিয়ামুল হুদা, সহকারী অধ্যাপক শারমিন রেজওয়ানা এবং সহকারী অধ্যাপক মোছাঃ রেজওয়ানা আফরিন রুম্পা সহ বিভাগের শিক্ষার্থীবৃন্দ।

উল্লেখ্য, গত ২৮ এপ্রিল  কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিজ কার্যালয়ে প্রবেশের সময় শিক্ষক সমিতি বাঁধা প্রদান করে। সেসময় ছাত্রলীগ, শিক্ষক, উপাচার্যের ত্রিমুখী ধাক্কাধাক্কি ও ধস্তাধস্তি হয়। এই ধাক্কাধাক্কি ও ধস্তাধস্তির একপর্যায়ে উপাচার্য দ্বারা আঘাতপ্রাপ্ত হন প্রত্নতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক মো. মোর্শেদ রায়হান হিমু।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!