
আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় জেলার আলফাডাঙ্গা ও বোয়ালমারী উপজেলার নিহত ১৫ জনের পরিবারের খোঁজখবর নিয়েছেন সমাজসেবামূলক সংস্থা কাঞ্চন মুন্সী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও ঢাকা টাইমস সম্পাদক আরিফুর রহমান দোলন।
বুধবার (১৭ এপ্রিল) দিনব্যাপী আলফাডাঙ্গা ও বোয়ালমারী উপজেলার বিভিন্ন গ্রামে নিহতের বাড়িতে ছুটে যান আরিফুর রহমান দোলন। পরে স্বজনদের সর্বশেষ অবস্থার খোঁজ-খবর নেন। নিহতদের পরিবারের লোকদের প্রতি শোক ও সহমর্মিতা জ্ঞাপন এবং সান্ত্বনা প্রদান করেন তিনি। এ সময় তাদের বিভিন্ন প্রয়োজনে পাশে থাকারও আশ্বাস দেন দোলন।
গত মঙ্গলবার সকালে ফরিদপুরের কানাইপুরের অ্যাবলুম রেস্টুরেন্টের সামনে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে নিহত হন ১১ জন এবং পরে হাসপাতালে মারা যান আরও চারজন।
আলফাডাঙ্গা উপজেলার নিহতরা হলেন- চর বাকাইল গ্রামের মৃত রশিদ খানের ছেলে তবিবুর খান (৫৫), হিদাডাঙ্গা গ্রামের সৈয়দ নেওয়াজ আলীর মেয়ে জাহিনুর বেগম (৬০), আলেক সরদারের স্ত্রী শুকুরুন নেছা (৭০), মৃত ইব্রাহিম খাঁর স্ত্রী সুর্য বেগম (৫০), কুসুমদী গ্রামের সিরাজুল ইসলামের ছেলে পিকআপ চালক মো. নজরুল ইসলাম (৩৫), বেজিডাঙ্গা গ্রামের নান্নু মোল্লার স্ত্রী জাহানারা বেগম (৪৫), মিল্টন শেখের স্ত্রী সোনিয়া বেগম (২৮) ও মেয়ে নুরানি (২)।
এছাড়াও বোয়ালমারী উপজেলার ছত্রকান্দা গ্রামের একই পরিবারের চার জনসহ নিহতরা হলেন, আলফাডাঙ্গা এ জেড পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. ফরিদ হোসেনের ভাই রাকিব হোসেন মোল্যা ওরফে মিলন (৪২), মিলনের স্ত্রী শামীমা ইসলাম সুমি (২৫) ও দুই সন্তান আলভি রোহান (৭) ও আবু জীনান (৪), মিলনের প্রতিবেশী নিকটাত্মীয় মৃত আব্দুল ওহাবের স্ত্রী মর্জিনা বেগম (৬৫), কুমরাইল গ্রামের সাদেক শেখের ছেলে ইকবাল শেখ ও তার স্ত্রী পপি পারভীন (২৫)।

আরও পড়ুন
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ