আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : হাতে লাল রঙয়ের টি শার্ট দেখিয়ে ট্রেন দুর্ঘটনা রুখে দিয়েছে তিন যুবক। শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে বগুড়ার আদমদীঘির সান্তাহার-রাণীনগর স্টেশনের মাঝখানে কেল্লাপাড়া রেলব্রিজ থেকে ১২০ফিট দক্ষিনে ঘটনাটি ঘটে। রেলওয়ে লাইন ভাঙা দেখে লাল টি শার্ট দেখিয়ে পাথরবাহী ট্রেনটি থামিয়ে দেয় তিন যুবক। ফলে তাদের বুদ্ধিমত্তায় দুর্ঘটনা থেকে রক্ষা পায় ট্রেনটি। পাথরবাহী ওই ট্রেনের চালক সুজাউদৌলা জানান, তিন যুবক লাল রঙের গেঞ্জি দিয়ে ট্রেন থামানোর সংকেত দিচ্ছিলো। লাল কাপড় দেখে তিনি ট্রেনটি গতিরোধ করে থাকিয়ে দেন। এ সময় তিনি নিচে নেমে তাদের সাথে কথা বলে জানতে পারেন সামনে রেললাইন ভাঙা রয়েছে। এ তিন যুবকের সাহসিকতা ও দূরদর্শিতায় দুর্ঘটনার কবল থেকে ট্রেনটি রক্ষা পায়।
যুবক সারোয়ার, রনি ও নাঈম হোসেন জানায়, প্রতিদিনের মতো তারা ওই দিন বিকেলে রেললাইন ধরে হাঁটাহাটি করছিলো। তারা কেল্লাপাড়া রেলব্রিজের দিকে যাওয়ার সময় দেখতে পায় রেল লাইন ভাঙা। এর কয়েক মিনিটের মধ্যেই দেখে সামনের দিক থেকে একটি ট্রেন চলে আসছে। তারা জানতো লাল কাপড় দেখালে ট্রেন থেমে যায়। কিন্তু লাল কাপড় না থাকলেও একজনের কাছে থাকা টি শার্ট উঁচিয়ে ট্রেনটি দুর্ঘটনার হাত থেকে রক্ষা করতে সক্ষম হয়।
সাহসী এই তিন যুবক হলো- উপজেলার সান্তাহার ইউনিয়নের পাল্লাগ্রামের জবেদ প্রামানিকের ছেলে সারোয়ার, একই গ্রামের নজরুল ইসলামের ছেলে রনি হোসেন ও আলমের ছেলে নাঈম হোসেন।
স্থানিয় ইব্রাহীম, ওমর ফারুক ও লোকমান বলেন, এই লাইনে দুপুর পর্যন্ত বেশ কয়েকটি ট্রেন চলাচল করে। দুপুরের পর হঠাৎ এঘটনাটি ঘটে। তিন যুবক বিষয়টি না জানতে পারলে বড় ধরনের দূর্ঘটনা ঘটে যেতো।
সান্তাহার রেলওয়ে স্টেশনের পরিবহন পরিদর্শক হাবিবুর রহমান জানান, পার্বতীপুর-খুলনা রেলপথের সান্তাহার জংশন স্টেশনের অদূরে কেল্লাপাড়া রেলব্রিজ এলাকায় ৮ইঞ্চি রেললাইন ভেঙে ক্ষতিগ্রস্থ হয়ে পড়ে। খবর পেয়ে ক্ষতিগ্রস্থ অংশ মেরামত কাজ শুরু করা হয়। যে কারণে বিকেল থেকে রাত ৮টা পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ থাকে। লাইন মেরামতে দুই ঘণ্টার চেষ্টায় আবারও ট্রেন চলাচল স্বাভাবিক হয়। নাশকতামূলক ঘটনাটি ঘটানোর জন্য মনে হলেও সান্তাহার রেলওয়ের উর্দ্ধোতন উপ-সহকারি প্রকৌশলী আফজাল হোসেন বলেন, রেললাইনের ওই অংশ অনেক পুরাতন হওয়ায় ওই স্থানে ভেঙে গেছে। খবর পেয়ে পিডবিøউআই বিভাগ ওই অংশের রেল পরিবর্তন করেছেন।