হোম » Uncategorized » গোবিন্দগঞ্জে সাঁওতালদের স্কুল ও খেলার মাঠ দখল পাঁয়তারার বিরুদ্ধে বিক্ষোভ ও স্মারকলিপি পেশ

গোবিন্দগঞ্জে সাঁওতালদের স্কুল ও খেলার মাঠ দখল পাঁয়তারার বিরুদ্ধে বিক্ষোভ ও স্মারকলিপি পেশ

শাহজাহান সিরাজ : গাইবান্ধার গোবিন্দগঞ্জে শহীদ স্মৃতি শ্যামল মঙ্গল রমেশ বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও খেলার মাঠ দখল পাঁয়তারার বিরুদ্ধে বুধবার বিক্ষোভ মিছিল করেছে আদিবাসী সাঁওতালরা।  কাটাবাড়ী ইউনিয়নের সাঁওতাল পল্লী থেকে তীর ধনুক নিয়ে মিছিলসহ দীর্ঘ রাস্তা অতিক্রম করে উপজেলা সদরে আসেন সাঁওতাল নারী-পুরুষরা। পরে সাঁওতাল-বাঙালি নেতৃবৃন্দ উপজেলা নির্বাহী অফিসার-ইউএনও সৈয়দা ইয়াসমিন সুলতানার কাছে স্মারকলিপি প্রদান করেন।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, স্থানীয় ভূমিদস্যু আতাউর রহমান সাবুর নেতৃত্বে তার সহযোগী সন্ত্রাসীরা আদিবাসী শিক্ষার্থীদের স্কুলে যাওয়া আসায় বাধা প্রদান করছে। ফলে শিশুরা নিরাপত্তাহীনতায় ভুগছে। এমনকি সন্ত্রাসীরা মাঠে শিশুদের খেলতেও নানা প্রতিবন্ধকতার সৃষ্টি করছে। তারা স্কুলের আসবাবপত্র নষ্ট করে অভিভাবকদের হুমকিও দিচ্ছে।
স্মারকলিপিতে ভূমিদস্যুদের অবিলম্বে গ্রেফতার করে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ, আদিবাসী শিশুদের স্কুল ও খেলার মাঠ দখলমুক্ত ও শিক্ষক-শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানানো হয়।
ইউএনও অফিস চত্বরে সাহেবগঞ্জ-বাগদাফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির সভাপতি ফিলিমন বাসকের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন সুফল হেবরম, রাফায়েল হাসদা, গৌর পাহাড়ী, আদ্রিয়াস মুরমু, অলিভিয়া হেবরম, রিপন বেসরা জয়, প্রিসিলা মুরমু, শারমিন মারডি, রমেন মারডি, ব্রিটিশ সরেন প্রমুখ।
উল্লেখ্য, ভূমিদস্যুরা আদিবাসী সাঁওতাল শিশুদের বিদ্যালয় ভাঙচুর ও ছাত্র-ছাত্রীদের নির্যাতন করে স্কুলে যাওয়া-আসা বন্ধ করে দিয়েছে। তারা স্কুল ও খেলার মাঠ দখলের পাঁয়তারা করছে। এর আগে গত ২০ সেপ্টেম্বর শনিবার জয়পুরপাড়া (বাগদাফার্মে) এলাকায় অভিভাবক ও শিক্ষার্থীরা সমাবেশ করে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!