হোম » প্রযুক্তি » ডিজিটাল আইন নিয়ে যুক্তরাষ্ট্রের কাছে ভুল তথ্য আছে: মোমেন

ডিজিটাল আইন নিয়ে যুক্তরাষ্ট্রের কাছে ভুল তথ্য আছে: মোমেন

আওয়াজ অনলাইন: ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের ধারা পরিবর্তনে জাতিসংঘ যে সুপারিশ করেছে, তা হতাশাজনক বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

একাত্তরকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, আইন প্রয়োগের ক্ষেত্রে যেটুকু ব্যত্যয় হয়েছে তার বিচার করা হবে। তবে এটি বাতিল করা হবে না।

তিনি বলেন, গুম-খুন এবং ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে যুক্তরাষ্ট্রের কাছে ভুল তথ্য রয়েছে। তাদের কাছে সঠিক তথ্য পাঠানোর ব্যবস্থা নেয়া হয়েছে।

৩১ মার্চ জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশন ডিজিটাল নিরাপত্তা আইন অবিলম্বে স্থগিত এবং সেটিকে আন্তর্জাতিক মানবাধিকার আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার আহ্বান জানায়। তাতে আইনটির দুটি ধারা বাতিল এবং আটটি ধারা সংশোধন করতে বলা হয়।

সেই সুপারিশমালা এখন পর্যালোচনা চলছে। এনিয়ে দেশের নাগরিক সমাজের সঙ্গেও আলোচনা হচ্ছে। তবে এটি বাতিল করার পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী

একাত্তর টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, বিদেশিদের কাছে স্থানীয় বেসরকারি প্রতিষ্ঠান ও মিডিয়া যেসব তথ্য দিয়েছে তার সবগুলো সত্য নয়।

মোমেন বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন সম্পর্কে আমরা বলেছি, কোনো কোনো ক্ষেত্রে এর ব্যবহারটি ঠিকমতো হয়নি। দুনিয়ার সব দেশেই আইন আছে।

আমেরিকাতে আরও কঠিন আইন আছে। যেখানে এর ব্যত্যয় হয়েছে, সেখানে আমরা রেক্টিফাই (সংশোধন) করব এবং তাতে আমেরিকা সন্তুষ্ট হয়েছে। তারা আইনটি পরিবর্তনের জন্য বলেনি। বলেছে যে অ্যাপ্লিকেশনটা অ্যাবিউসড বা অপপ্রয়োগ না হয়।

মন্ত্রী জানান, বাংলাদেশের মানুষকে নিরাপত্তা দিতেই এই আইন করা হয়েছে। এখন বিদেশিরা যাই বলুক, সরকার সকলের সাথে কথা বলেই আইন সংস্কার করবে। বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্র সফরে মার্কিন পররাষ্ট্র মন্ত্রীর সাথে আলাপ হয়েছে বলেও জানিয়েছেন মোমেন।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!