
আওয়াজ অনলাইনঃ ইতিহাসের শততম ম্যাচটি জয়ে রাঙালো টাইগাররা, সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে জিম্বাবুয়ের দেওয়া ১৫৩ রানের লক্ষ্য ঠাণ্ডা মাথাতেই টপকে গেলো বাংলাদেশ। স্বাগতিকদের ৮ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে নিজেদের ক্রিকেট ইতিহাসের শততম ম্যাচটি জয়ে রাঙালো টাইগাররা। ওপেনার মোহাম্মদ নাঈম ও সৌম্য সরকারের অনবদ্য ব্যাটিংয়ে সাত বল বাকি থাকতেই জয় তুলে নিলো টাইগাররা।
২০০৬ সালে টি-টোয়েন্টি ক্রিকেটের যাত্রা শুরু করা বাংলাদেশের সেদিন প্রতিপক্ষ ছিল জিম্বাবুয়ে। বৃহস্পতিবার এই ফরম্যাটে নিজেদের ১০০তম ম্যাচ খেলতে নেমেছিল লাল-সবুজের প্রতিনিধিরা। প্রতিপক্ষ সেই জিম্বাবুয়ে। বিজয়ের দিনেও অবশ্য খানিক আক্ষেপ নিয়ে মাঠ ছাড়তে হয় সৌম্যকে। অর্ধশত ছুঁলেও ইনিংসের ১৪তম ওভারে দৌড়ে দুই রান নিতে গিয়ে বিপত্তি বাঁধান। এনগারাভার থ্রো সরাসরি আঘাত হানে স্টাম্পে। এতে সৌম্য বিদায় নেন ৫০ রানে।
তবে এদিন অটল ছিলেন নাঈম শেখ। টি-টোয়েন্টি ক্যারিয়ারের দ্বিতীয় ফিফটি তুলে নেন তিনি। ৪০ বলে পঞ্চাশ রানের কোটা পূরণ করার পরেও থামেননি তিনি। মাহমদুউল্লাহ রিয়াদ ১২ বলে ১৫ রান করে রান আউট হওয়ার পর নুরুল হাসান সোহানকে নিয়ে জয়ের বাকি আনুষ্ঠানিকতা সারেন নাঈম। শেষ পর্যন্ত ৬৬ রানে অপরাজিত থাকেন তিনি। ৫১ বলের ইনিংসটি সাজান সাতটি চারের মারে। সঙ্গে সোহান অপরাজিত থাকেন ১৬ রানে। ৮ উইকেট ও ৭ বল হাতে রেখে জয় তুলে নেয় বাংলাদেশ দল।
এর আগে টস জিতে ব্যাট করতে নামা জিম্বাবুয়ের ইনিংসের দ্বিতীয় ওভারে উইকেট হারালের ঝড়ো ব্যাটিংয়ে দলের হাল ধরেন রেগিস চাকাভা। ওয়েসলি মাধেভেরেকে নিয়ে দ্বিতীয় উইকেট জুটিতে মাত্র ৩৮ বলে জমা করেন ৬৪ রান। সাকিবের বলে মাধেভেরে ২৩ রান করে সাজঘরে ফিরলে ভাঙে তাদের পার্টনারশিপ। এরপর চাকাভাও দ্রুত মাঠ ত্যাগ করেন।
চাকাভাকে দুর্দান্ত এক রান আউটে ফেরান নুরুল হাসান সোহান। জিম্বাবুয়ের এই উইকেটরক্ষক ব্যাটসম্যান আউট হন ২২ বলে ৪৩ রান করে। যেখানে ৫টি চার ও ২টি ছক্কা মারেন তিনি। ১০ ওভারে ২ উইকেট হারিয়ে স্কোর বোর্ডে ৯১ রান তোলা জিম্বাবুয়ে চাকাভার উইকেট হারানোর পর খেই হারিসে বসে। টাইগার বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে চাপে পড়ে যায় স্বাগতিক ব্যাটসম্যানরা। সিকান্দার রাজা (০), তারিসাই মুসাকান্দা (৬) ও ডিওন মেয়ার্স (৩৫) আউট হলে স্কোর বোর্ডে বড় রান তোলার স্বপ্নে ভাটা পড়ে জিম্বাবুয়ের।
১৫ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে জিম্বাবুয়ে দলের সংগ্রহ দাঁড়ায় ১২০ রান। এরপর আর কোনও ব্যাটসম্যান বড় স্কোর করতে ব্যর্থ হলে ১৯তম ওভারে থামে জিম্বাবুয়ের ইনিংস। অলআউট হওয়ার আগে কোনরকমে দেড়শ ছাড়ায় তারা। ১৫২ রানের পুঁজি পায় স্বাগতিকরা। বল হাতে দাপট দেখিয়েছেন টাইগার পেসাররা। ৩ উইকেট নিয়েছেন মুস্তাফিজুর রহমান। ২৩ রান দিয়ে ২ উইকেট নেন মোহাম্মদ সাইফউদ্দিন। শরিফুল ২ উইকেট নিতে ৩ ওভারে রান দিয়েছেন মাত্র ১৭। সৌম্য সরকারও ১৮ রান দিয়ে ১ উইকেট নেন।