
আওয়াজ অনলাইন : ইউরো চ্যাম্পিয়নশিপের টানা তিনটি আসরের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায়। টিকিট মেলেনি ২০১৮ রাশিয়া বিশ্বকাপেও। ইতালিয়ান ফুটবলে যেন নেমে আসে ঘোর অন্ধকার। প্রায় ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে অবিশ্বাস্য এক প্রত্যাবর্তন করল ইতালি।
রোববার রাতে ইউরোর ফাইনালে ইংরেজদের হতাশায় ডুবিয়ে ইতালি আজ্জুরিরা জিতে নিল স্বপ্নের রুপালি ট্রফি। ১৯৬৮ সালের পর দ্বিতীয়বার ইংল্যান্ডকে হারিয়ে ইউরো চ্যাম্পিয়ন হয়েছে ইতালি। এবার আজ্জুরিদের নেতৃত্ব দিলেন ডিফেন্ডার জর্জিও কিয়েলিনি।
লন্ডনের ওয়েম্বলিতে রবিবার বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় শুরু হওয়া ম্যাচে টাইব্রেকারে ২-৩ গোলে ইংল্যান্ডকে হারিয়ে ৫৩ বছর পর শিরোপা পুনরুদ্ধার করেছে রবার্তো মানচিনির ইতালি।
নির্ধারিত সময় ম্যাচ ১-১ গোলে ড্র ছিল। ২ মিনিটে ইংল্যান্ডের লুক শ' এবং ৬৭ মিনিটে ইতালির লিওনার্দো বোনুচ্চি গোল করেন। টাইব্রেকারে ইতালি দ্বিতীয় ও পঞ্চম শট মিস করে এবং স্বাগতিক ইংল্যান্ড মিস করে শেষ তিনটি শট। এ নিয়ে টানা ৩৪ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড গড়ল ইতালি।
অন্যদিকে, ইংল্যান্ডকে হতাশায় ডুবিয়ে ৫৩ বছরের অপেক্ষার অবসান হলো ইতালির। তাতে স্বস্তির একটা নিঃশ্বাস ফেলল আজ্জুরিরা। আগের দুই আসরে স্পেন ও ফ্রান্সের কাছে ফাইনালে হারতে হয়েছে তাদের। তা না হলে অনেক আগেই ইউরোর দ্বিতীয় ট্রফির স্বাদ পেতে পারতো ইতালি। রবার্তো মানচিনির হাত ধরে এলো সাফল্য। অভিজ্ঞ ও তারুণ্যের দারুণ সমন্বয়ে ট্রফি এনে দিলেন এই কোচ।
অথচ শিরোপা রেখে দেওয়ার সম্ভাব্য সব প্রস্তুতিই সেরে রেখেছিল ইংল্যান্ড। ম্যাচ শুরুর আগে বর্ণিল আতশবাজির আলোকচ্ছটায় ওয়েম্বলি স্টেডিয়াম হয়ে উঠেছিল অপরূপ। ম্যাচের দুই মিনিটের মধ্যেই গোল করে উত্সবের অর্ধেক বন্দোবস্ত যেন করে ফেলেছিলেন লুক শ। ভরা গ্যালারি মেতে উঠল অগ্রিম শিরোপা জয়ের আনন্দে।
একটা ঘণ্টা উত্তেজনার রেণু ছড়িয়েছে ওয়েম্বলি স্টেডিয়াম। গোল না পেলেও টাইব্রেকারে বাজিমাত করে ইতালি। ১৯৬৮ সালের পর আবারও ইউরোপ সেরা হলো রোমানরা। কার্যত টানা ৩৪ ম্যাচ অজেয় থেকে বিশ্বরেকর্ডের সামনে এসে দাঁড়িয়েছে আজ্জুরিরা। আর একটা ম্যাচ না হারলেই টানা ৩৫ ম্যাচ অজেয় থাকা ব্রাজিল ও স্পেনকে ছুঁয়ে ফেলবে মানচিনির শীষ্যরা।
ছবি: সংগৃহীত। /এইচ