প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ৮:৪৩ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৬, ২০২৩, ৪:১৭ অপরাহ্ণ
শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে বগুড়ায় মঙ্গল শোভাযাত্রা

এম এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি: ধর্মীয় ভাবগাম্ভীর্য ও বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বগুড়ায় শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালিত হয়েছে। বুধবার (৬ সেপ্টেম্বর) সকালে বগুড়া জেলা প্রশাসন ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট জেলা কার্যালয়ের আয়োজনে জিলা স্কুল থেকে মঙ্গল শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় বগুড়া সদর ও পৌর এলাকার কয়েক হাজার সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন মন্দির থেকে আগত ভক্তরা ঢাকঢোলসহ বিভিন্ন বাদ্যযন্ত্র নিয়ে বর্ণাঢ্য সাজে সজ্জিত হয়ে অংশ নেয়। এ সময় দেশ ও জাতির মঙ্গল কামনায় প্রার্থনা করেন ভক্তরা।
হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাস অনুসারে, পাঁচ হাজার বছর আগে পাশবিক শক্তি যখন ন্যায়, নীতি, সত্য ও সুন্দরকে গ্রাস করতে উদ্যত হয় তখন সেই অশুভ শক্তিকে দমন করে কল্যাণ ও ন্যায় প্রতিষ্ঠার জন্য অবতার হিসেবে শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটে। দুষ্টের দমন ও শিষ্টের পালনের জন্য যুগে যুগে ভগবান মানুষের মধ্যে অবতীর্ণ হন এবং সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা করেন।
হিন্দু পঞ্জিকা মতে, ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে যখন রোহিণী নক্ষত্রের প্রাধান্য হয় তখন জন্মাষ্টমী পালিত হয়। এদিকে, শোভাযাত্রা শেষে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য রাগেবুল আহসান রিপু।
জেলা প্রশাসক মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী, জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বগুড়া জেলা শাখার সভাপতি সাগর কুমার রায়, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক নির্মল কুমার রায়, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ বগুড়া জেলা শাখার সভাপতি ডা. এনসি বাড়ই, সাধারণ সম্পাদক নিরঞ্জন সিংহ, বগুড়া পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি পরিমল প্রসাদ রাজ, সাধারণ সম্পাদক ডা. সুজিত কুমার তালুকদার ও সাংগঠনিক সম্পাদক শেখর রায় প্রমূখ।।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.