প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ৩:২৮ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৩, ২০২৩, ৫:৩৬ অপরাহ্ণ
বগুড়ার সদরের ০৬ আসনে নৌকার মাঝি হতে চান যারা

এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়া-৬ (সদর) আসনের নৌকার প্রার্থী হতে বর্তমান সংসদ সদস্য সহ ৬ জন তাদের দলীয় মনোনয়ন ফরম জমা দিয়েছেন।
২১শে নভেম্বর (মঙ্গলবার) বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন ফরম জমার শেষ দিন পর্যন্ত এই আসনের প্রার্থী হতে আগ্রহী ৬ আওয়ামী লীগ নেতা তাদের মনোনয়ন ফরম জমা দেন। তারা হলেন, বগুড়া সদর আসনের বর্তমান সংসদ সদস্য রাগেবুল আহসান রিপু এমপি, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য সাখাওয়াত হোসেন শফিক, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি টি জামান নিকেতা, যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম মোহন, জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ মাসুদুর রহমান মিলন এবং জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবিহা সাবরিন পিংকি সরকার।
দলীয় মনোনয়ন ফরম জমার বিষয়টি নিশ্চিত করে রাগেবুল আহসান রিপু এমপি বলেন, দলীয় সভানেত্রী চাইলে তিনি এই আসনে আবারও নৌকা প্রতীক নিয়ে উন্নয়ন করতে চান। গত কয়েক মাস তিনি নিরলসভাবে কাজ করে বগুড়ার জন্য বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড বাস্তবায়নে সচেষ্ট ছিলেন বলে জানান।
আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য সাখাওয়াত হোসেন শফিক বলেন, দলীয় সভানেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এই আসনে তাকে নৌকার মনোনয়ন দিলে বগুড়াকে তিনি একটি সমৃদ্ধশালী নগরী হিসেব গড়ে তুলতে সর্বাত্মক চেষ্টা করে যাবেন।
জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি টি জামান নিকেতা বলেন, আওয়ামী লীগ জনগণের দল। তিনিও জনগণের জন্য রাজনীতি করেন। তাই জনপ্রত্যাশা পূরণের জন্য তিনি বগুড়া-৬ ও ৭ আসন থেকে দলীয় মনোনয়ন ফরম জমা দিয়েছেন। নেত্রী চাইলে তিনি এই এলাকার গণমানুষের প্রত্যাশা পূরণে সবসময় কাজ করে যাবেন।
জেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম মোহন বলেন, নেতাকর্মীদের চাওয়ায় তাঁদের প্রত্যাশা পূরণে তিনি দলীয় মনোনয়ন ফরম জমা দিয়েছেন।তিনি বগুড়া সদরকে আধুনিকতার ছোঁয়ায় গড়ে তুলতে চান। ডিজিটাল বগুড়া গড়ায় হবে তার অঙ্গীকার।
জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ব্যবসায়ী নেতা মাসুদুর রহমান মিলন মনোনয়ন ফরম জমার বিষয়টি নিশ্চিত করে বলেন, বগুড়া সদর আসনে নৌকার মনোনয়ন পেলে তিনি নিজের ভাগ্য পরিবর্তনে নয়, সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তনে নিরলসভাবে কাজ করে যাবেন।
জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবিহা সাবরিন পিংকী বলেন, তিনি মাঠের কর্মী তাই ভোটের মাঠে নেমেছেন। দলীয় মনোনয়ন পেলে তিনি বগুড়াকে নতুন রুপে সাজাবেন।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.