
আঃ খালেক মন্ডল : গাইবান্ধার গোবিন্দগঞ্জে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা থেকে আগত মহিলাদের সাথে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগের নির্বাচনী প্রস্তুতি ও প্রচারণা নারীদের মাঝে পৌঁছে দিতে নির্বাচনমুখী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ অক্টোবর) দুপুরে পৌর শহরে অবস্থিত সাবেক সাংসদের রাজনৈতিক কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদ।
উপজেলা মহিলা আওয়ামী যুবলীগের সদস্য আইনুন নাহার সাথী সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস-চেয়ারম্যান আকতারা বেগম রুপা ও সাবেক মহিলা কাউন্সিলর মারুফা বেগম। আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গুমানীগঞ্জ ইউনিয়নের সংরক্ষিত মহিলা সদস্য পার্সিয়া বেগম ও ওয়াজেদা বেগম, তালুককানুপুর ইউনিয়নের সংরক্ষিত মহিলা সদস্য শেফালী বেগম, কোচাশহর ইউনিয়নের সংরক্ষিত মহিলা সদস্য স্বপ্না বেগম প্রমুখ।

অধ্যক্ষ আবুল কালাম আজাদ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী হাসিনার হাত ধরে বাংলাদেশ দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশের অনেক বড় বড় প্রকল্পের কাজ চলছে আগামী নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় না আসলে এসব কাজ বন্ধ হয়ে যাবে । তাই আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে সকল ভেদাভেদ ভুলে আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় আনতে হবে।
তিনি উপস্থিত মহিলাদের আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কার পক্ষে নিজ নিজ এলাকায় মহিলাদের মাঝে প্রচারের কথা বলেন এবং সারাদেশে আওয়ামী লীগ সরকারের দৃশ্যমান উন্নয়নের প্রচারপত্র ও নির্বাচনী ক্যাপ বিতরণ করেন।

আরও পড়ুন
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ