
রবিউল হাসান লায়ন, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের পাঁচটি উপজেলার ২০টি ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যানরা শপথ গ্রহণ করেছেন। বুধবার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জানা গেছে, তৃতীয় ও চতুর্থ ধাপে জামালপুর জেলার মেলান্দহ, মাদারগঞ্জ, বকশীগঞ্জ, সরিষাবাড়ী ও ইসলামপুর উপজেলার ২০টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিজয়ী চেয়ারম্যানরা শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নেন।
জেলা প্রশাসক মুর্শেদা জামান নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথবাক্য পাঠ করান। শপথবাক্য পাঠ করানোর পর জেলা প্রশাসক মুর্শেদা জামান নবনির্বাচিত চেয়ারম্যানদের উদ্দেশ্যে বলেন, জনগণের ভোটে নির্বাচিত হয়ে জনগণের বিশ্বাস ও আস্থার প্রতিফলন ঘটিয়ে সবাইকে সততা ও নিষ্ঠার সাথে জনসেবায় নিয়োজিত থাকতে হবে। যার যার এলাকায় ট্যাক্স নির্ধারণ করে ট্যাক্স আদায়ে গুরুত্ব দেওয়াসহ জন্মমৃত্যু নিবন্ধন, গ্রাম আদালতের মাধ্যমে স্থানীয় বিরোধ নিষ্পত্তি, বাল্যবিবাহ ও মাদকমুক্ত সমাজ গড়ে তোলার ক্ষেত্রে নিজ নিজ এলাকার চেয়ারম্যানদের অগ্রণী ভূমিকা রাখতে হবে। জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলার গড়ার প্রত্যয়ে প্রতিটি ইউনিয়ন পরিষদের আওতাধীন বিভিন্ন সরকারি উন্নয়ন প্রকল্পগুলো আন্তরিকতরার সাথে বাস্তবায়ন করতে হবে। ইউনিয়ন পরিষদ আইন অনুযায়ী ইউনিয়ন পরিষদের সার্বিক কার্যক্রম পরিচালনায় যেকোনো পরামর্শ ও সহযোগিতামূলক মনোভাব নিয়ে সব সময় চেয়ারম্যানদের সার্বিক সহযোগিতার আশ্বাস দেন জেলা প্রশাসক। শপথ গ্রহণ অনুষ্ঠানে জামালপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহাম্মেদ চৌধুরী, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক দিলরুবা আহমেদ ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত জাহান উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
সংসদে স্থানীয় সরকার নির্বাচনের পরিকল্পনা জানালেন- মির্জা ফখরুল
তোফায়েল আহমেদ আর নেই
এনসিপির ২২ নেতার একযোগে পদত্যাগ