হোম » রাজনীতি » “জুলাই বিপ্লব স্বীকৃত না হলে ২০২৬ সালে কোনো নির্বাচন নয়”: জামায়াতে আমির

“জুলাই বিপ্লব স্বীকৃত না হলে ২০২৬ সালে কোনো নির্বাচন নয়”: জামায়াতে আমির

আওয়াজ অনলাইন ডেস্ক

রাজধানীর পল্টন মোড়ে যুগপৎ আন্দোলনের শরিক আট রাজনৈতিক দলের সমাবেশে বক্তব্য দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, “যারা জুলাই বিপ্লব স্বীকার করবে না, তাদের জন্য ২০২৬ সালে কোনো জাতীয় সংসদ নির্বাচন থাকবে না। নির্বাচনের আগে জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে হবে।”

মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুর ২টায় অনুষ্ঠিত এ সমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মো. রেজাউল করিম।

ডা. শফিকুর রহমান বলেন, “আমাদের দাবি খুবই স্পষ্ট। জুলাই সনদকে স্বীকৃতি দিতে হবে এবং সাংবিধানিক আদেশ জারি করে নভেম্বর মাসেই গণভোট অনুষ্ঠিত করতে হবে। গণভোটের মাধ্যমে আইনি ভিত্তি তৈরি না হলে কোনো নির্বাচন অর্থবহ হবে না।”

তিনি আরও বলেন, “সব দল যখন গণভোট প্রসঙ্গে একমত, তখন তারিখ নিয়ে টালবাহানা কেন? প্রথমে গণভোট, তারপর জাতীয় নির্বাচন। এতে কোনো ধোঁয়াশা বা সন্দেহ থাকবে না।”

আট দলীয় নেতৃত্বের আলোচনার প্রসঙ্গে জামায়াত আমির বলেন, “জাতীয় ঐকমত্য কমিশনে আমরা যৌক্তিক মত দিয়েছি। সংখ্যাগরিষ্ঠ যে প্রস্তাব করেছে, সেটিই গণতন্ত্রে গৃহীত হওয়ার কথা। কিন্তু কেউ কেউ তা মানতে চান না। গণতন্ত্রে সংখ্যাগরিষ্ঠের সিদ্ধান্ত মেনে নেওয়ার শিক্ষাও আমাদের অর্জন করতে হবে।”

বিএনপির উদ্দেশে তিনি বলেন, “জুলাই সনদের প্রতি শ্রদ্ধা না দেখিয়ে গণতন্ত্রের দাবি টেকসই হয় না। জুলাই শহীদদের রক্তের দাবি বোঝার চেষ্টা করুন। আমরা কারো দলের পক্ষের জয় চাই না, আমরা চাই জনগণের বিজয়।”

ডা. শফিকুর রহমান বলেন, “আমরা ভদ্র ভাষায় কথা বলছি, ভদ্র ভাষায়ই বলব; কিন্তু আমাদের দাবির ব্যাপারে আমরা পর্বতের মতো অটল থাকব। কারণ এই দাবি কোনো দলের নয়, জনগণের। এই দাবি বিপ্লবের দাবি। ফ্যাসিবাদের কাছে জনগণ মাথা নত করবে না।”

সমাবেশ শেষে তিনি জানান, আট দলীয় শীর্ষ নেতারা বৈঠকে বসবেন এবং শিগগিরই নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!