
এইচ এম রুহুল কাদের, চকরিয়া প্রতিনিধি :
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, পিআর (Proportional Representation) পদ্ধতিতে কোনো নির্বাচন হবেনা। যারা পিআর পদ্ধতি দাবি করছে তাদের সবাইকে নিয়েই আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে ডিসেম্বর মাসে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। তিনি বলেন, দেশে ইতিমধ্যেই নির্বাচনী মৌসুম শুরু হয়ে গেছে।
শনিবার (২৩ আগস্ট) বিকেল ৩টায় কক্সবাজারের চকরিয়া সরকারি কলেজ মাঠে উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
সালাহউদ্দিন আহমেদ আরো বলেন, “আওয়ামী লীগের ডিএনএতেও গণতন্ত্র নেই। রক্তস্নাত আন্দোলনে পতনের মাধ্যমে প্রমাণিত হয়েছে আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়। ফ্যাসিস্ট সংগঠন হিসেবে আওয়ামী লীগের কার্যক্রম সন্ত্রাস বিরোধী আইনের আওতায় স্থগিত করা হয়েছে।”
তিনি বলেন, দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে শিগগিরই দেশের সব স্তরে সংস্কার হবে এবং দেশে একটি সুন্দর রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠিত হবে।
সম্মেলনে চকরিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক এনামুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় সদস্য ও চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, কেন্দ্রীয় সদস্য ও সাবেক এমপি এডভোকেট হাসিনা আহমদ এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আরা স্বপ্না।
সম্মেলনের উদ্বোধন করেন কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি শাহজাহান চৌধুরী।

আরও পড়ুন
তোফায়েল আহমেদ আর নেই
এনসিপির ২২ নেতার একযোগে পদত্যাগ
যে কোনো সময় ছাত্রদলের নতুন কমিটি, সাধারণ সম্পাদক পদে আলোচনায় যারা