প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ৩:২৫ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৪, ২০২৩, ১০:১৮ পূর্বাহ্ণ
নবীনদের আগমনে প্রাণচঞ্চল রবীন্দ্র বিশ্ববিদ্যালয়

মো. হাবিবুর রহমান: বাংলাদেশের একমাত্র সাংস্কৃতিক বিশ্ববিদ্যালয় হিসেবে খ্যাত রবীন্দ্র বিশ্ববিদ্যালয় নবীন শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে। বিশ্ববিদ্যালয় জুড়ে উৎসব ও আনন্দঘন পরিবেশ বিরাজ করছে। হাতছানি দিচ্ছে নবীনদের চোখে-মুখে নতুন দিগন্তের দ্বার। মুক্তভাবে জ্ঞান অর্জনের এক মোক্ষম অধ্যায়ের প্রথম পর্বে পা রাখল তারা।
রবিবার (৩ সেপ্টম্বর) সকালে একযোগে পাঁচটি বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ওরিয়েন্টেশন ক্লাসের মধ্যদিয়ে তাদের বিশ্ববিদ্যালয় যাত্রা শুরু হয়। স্ব স্ব বিভাগের চেয়ারম্যানের সভাপতিত্বে এ ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। শুরুতে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন বর্তমানে অধ্যয়নরত শিক্ষার্থীরা। এছাড়াও নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা উপহার প্রদান করে বিভাগের শিক্ষার্থীবৃন্দ। আনুষ্ঠানিকতা শেষে রুটিন অনুযায়ী প্রতিটি বিভাগে যথারীতি শ্রেণি কার্যক্রম পরিচালিত হয়।
শিক্ষার্থীদের অনুভূতি জানতে চাইলে বাংলা বিভাগের নবীন শিক্ষার্থী মাহির আল মাশরী বলেন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশের একমাত্র সাংস্কৃতিক বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে সাংস্কৃতিক মনায় নিজেকে প্রভাবিত করার সুযোগ পেয়ে আমি আনন্দিত বোধ করছি।
প্রথমদিনে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারে সচরাচর কোন শিক্ষার্থীর যাবার ভাগ্য হয় কিনা জানিনা তবে আমাদের বিভাগ প্রথম দিনই বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারে নিয়ে গিয়েছেন এটা আমার কাছে দারুণভাবে ভাল লেগেছে। প্রথম দিনে যে বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারের সাথে পরিচয় করিয়ে দিতে পারে ;
সে বিশ্ববিদ্যালয় জীবনের শ্রেষ্ঠ বিদ্যা লাভেও সহায়ক হবে বলে আশা করছি।
অর্থনীতি বিভাগের নবীন আরেক শিক্ষার্থী ত্রয়ী অধিকারী কথা বলেন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয় সংস্কৃতিকে লালন করে। আমি ব্যক্তিগতভাবে সংগীতকে অনেক ভালবাসি। সেই ইচ্ছে থেকেই এ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি। বিভাগে প্রথম দিনে ক্লাস করতে পেরে মনে হয়েছে এখানে শিক্ষাবান্ধব পরিবেশ পাবো। এই বিশ্ববিদ্যালয়ের বড়ভাই, আপু অনেক বন্ধুসূলভ।
নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে তাদের উদ্দেশ্যে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহ্ আজম বলেন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শাহজাদপুরে নতুন ছাত্র-ছাত্রীদের আগমন এই অঞ্চলকে অত্যন্ত আনন্দমুখর, প্রাণচঞ্চল করে তুলেছে। প্রতিটা প্রতিষ্ঠানেরই সব থেকে বড় আনন্দের দিন যখন সেখানে নতুন অতিথির আগমন ঘটে। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের নতুন শিক্ষার্থীদের আগমনে বিশ্ববিদ্যালয়ের যে লক্ষ্য-রবীন্দ্র ভাবধারায় শিক্ষা কার্যক্রম পরিচালনা, বঙ্গবন্ধুর আদর্শ বিস্তার ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্ভাসিত একটি শিক্ষায়তন গড়ে তোলা-তা আরও বেগবান হবে।
তিনি আরো বলেন, নতুনদের আগমন আমাদেরকে আনন্দিত ও উদ্বেলিত করে। আজকে যারা এই বিশ্ববিদ্যালয়ে যুক্ত হলো, আমি মনে করি তাদের অপার সম্ভাবনা রয়েছে। নবীন শিক্ষার্থীরা সংস্কৃতিমণ্ডিত হয়ে বর্তমান বিশ্বের যে চ্যালেঞ্জ রয়েছে তা মোকাবেলা করার জন্য নিজেদের সক্ষম করে গড়ে তুলবে। তারা এখান থেকে গ্রেজুয়েট হয়ে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মুখ উজ্জ্বল করবে এবং একইসঙ্গে বাংলাদেশের উন্নয়নের যে ধারা রচনা করেছেন বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনা, সেই উন্নয়ন-সমৃদ্ধির ধারায় বাংলাদেশকে সক্রিয় রাখার প্রক্রিয়ায় নবীন শিক্ষার্থীরা যুক্ত হবে।
উল্লেখ্য, ২০২২-২৩ শিক্ষাবর্ষে (জিএসটি) গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষায় অংশ নিয়ে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ৫টি বিভাগে এই নবীন শিক্ষার্থীরা ভর্তি সম্পন্ন করে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.