প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ২:১৭ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২, ২০২৩, ১০:৩১ পূর্বাহ্ণ
উন্নত যাত্রীসেবা নিশ্চিতে আলফাডাঙ্গা-ঢাকা রুটে বাস সার্ভিস চালু

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ উন্নত যাত্রীসেবা নিশ্চিতে আলফাডাঙ্গা-ঢাকা রুটে এই প্রথম করিম গ্রুপের মালিকানাধীন গোল্ডেন লাইন পরিবহনের বাস সার্ভিস চালু হয়েছে।
শুক্রবার (১ সেপ্টেম্বর) সকাল ৬টার দিকে যাত্রী নিয়ে পরিবহনটি আলফাডাঙ্গা থেকে ঢাকার উদ্দ্যেশে প্রথম যাত্রা শুরু করেছে। এরআগে বৃহস্পতিবার বিকালে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে অবস্থিত পরিবহনটির টিকিট কাউন্টার কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে এর শুভ উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে লাল ফিতা কেটে আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন আলফাডাঙ্গা পৌরসভার মেয়র মো. আলী আকসাদ ঝন্টু। এরপর এক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।
এসময় পরিবহনটির আলফাডাঙ্গা টিকিট কাউন্টার ম্যানেজার মো. কামরুল ইসলামের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, গোল্ডেন লাইন পরিবহনের ব্যবস্থাপক ইমরান হোসেন রিপন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল আলীম সুজা, দপ্তর সম্পাদক সেলিম রেজা, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক নুর ইসলাম শেখ, পৌর প্যানেল মেয়র ইউসুফ হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি কাজী কাওছার হোসেন টিটো ও পৌর ছাত্রলীগের সভাপতি রায়হান আজিজ প্রমুখ।
এদিকে উদ্বোধন অনুষ্ঠানকে ঘিরে বৃহস্পতিবার সকাল থেকেই গোল্ডেন লাইন পরিবহনের দশটি বাস বাদ্যযন্ত্র বাজিয়ে উপজেলার বিভিন্ন স্থানে শোডাউন দিতে দেখা গেছে।
এবিষয়ে গোল্ডেন লাইন পরিবহনের আলফাডাঙ্গা কাউন্টার ম্যানেজার মো. কামরুল ইসলাম জানান, মানসম্মত আধুনিক বাস, আরামদায়ক সিট, দক্ষ ও অভিজ্ঞ চালক দ্বারা উন্নত যাত্রী সেবা মিলবে গোল্ডেন লাইন বাস সার্ভিসে। আমরা আশাবাদী গোল্ডেন লাইন পরিবহন যাত্রীদের খুব ভালো সার্ভিস দিবে।
তিনি আরও জানান, প্রতিদিন আলফাডাঙ্গা-ঢাকা দু'টি রুট দিয়ে বাস চলবে। একটি রুটে পদ্মাসেতু হয়ে সায়েদাবাদ-যাত্রাবাড়ী-গুলিস্থান ও অপরটি দৌলতদিয়া-পাটুরিয়া হয়ে গাবতলী যাবে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.