
এম এ রাশেদ, বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ার ধুনট উপজেলার চৌকিবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সামিদুল ইসলাম (৫০) এর উপর রাজনৈতিক শত্রুতার জের ধরে হামলার ঘটনা ঘটেছে। এ সময় হামলাকারীরা তাকে বাশের লাঠি ও কাঠের বাটাম দিয়ে বেদম পিটিয়ে হত্যা চেষ্টা করে।
বৃহস্পতিবার ৩১ আগষ্ট রাত অনুমান সাড়ে ৮ টার দিকে শেরপুর উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় সামিদুল ইসলাম রাতেই শেরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
থানার অভিযোগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে সামিদুল ইসলাম শরবত খাওয়ার উদ্দেশ্যে শেরপুর শহরের বাসস্ট্যান্ড এলাকার সাউদিয়া হোটেলের সামনে গেলে অভিযোগে উল্লেখিত ১নং বিবাদী শেরপুর টাউন কলোনী এলাকার মৃত আয়নুল হকের ছেলে হয়রত আলী সহ অজ্ঞাত ৭/৮ জন রাজনৈতিক শত্রুতার জের ধরে হত্যার উদ্দেশ্যে সামিদুল ইসলামের উপর অতর্কিত ভাবে হামলা করে। এসময় তাকে বাটাম ও বাশ দিয়ে মারপিট করে আহত অবস্থায় সেখান থেকে জোরপূর্বক তুলে নিয়ে শহরের টাউন কলোনীর একটি অফিসে আটকে রাখে। পরে পরিবারের লোকজন খবর পেয়ে তাকে সেখান থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করে।
শেরপুর থানার অফিসার ইনচার্জ বাবু কুমার সাহা জানান, আওয়ামীলীগ নেতাকে হত্যার উদ্দেশ্যে হামলার ঘটনায় একটি অভিযোগ পেয়েছি, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল