প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ১১:৫০ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২, ২০২৩, ৯:২১ পূর্বাহ্ণ
জামালপুরে রৌমারি বিলে নিখোঁজের ২০ ঘন্টা পর শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

রবিউল হাসান লায়ন: জামালপুরের মেলান্দহের রৌমারি বিলে গোসল করতে নেমে নিখোঁজ শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে জামালপুর ফায়ার সার্ভিস।
আজ শুক্রবার সকল এগারোটার দিকে জামালপুর ফায়ার সার্ভিসের পাঁচ সদস্যের একটি ডুবুরি দল নিখোঁজ হওয়ার ২০ ঘন্টা পরে তার লাশ উদ্ধার করেছে।
এই নিয়ে ১৪ দিনের ব্যবধানে ওই বিলে দুই শিক্ষার্থী নিখোঁজ হওয়ার ঘটনা ঘটলো।
মৃত শফিকুল ইসলাম (২৪) শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার সাতানি গ্রামের আব্দুর রশিদের ছেলে। সে ওই জেলার ডা. সেকান্দার আলী কলেজের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, শফিকুল গত বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে বন্ধুদের সাথে রৌমারি বিলে ঘুরতে যায় এবং গোসল করতে নামেন। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। আজ শুক্রবার সকাল দশটায় নিখোঁজ শিক্ষার্থীর লাশ উদ্ধার করে জামালপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
এর আগে ১৮ আগস্ট বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে জামালপুর পৌরসভার শাহজাহানের ছেলে সৌহার্দ্য (১৬) নিখোঁজ হন। পরে ২১ ঘণ্টা পর তার মরদেহ বিলের পানিতে ভেসে ওঠে।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বলেন, বন্ধুদের সাথ গোসলে নেমে ছেলেটি নিখোঁজ হয়। আজ সকাল এগারোটায় জামালপুর ফায়ার সার্ভিস তার লাশ উদ্ধার করে থানায় আনে। কোন অভিযোগ না থাকায় তার পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.