
আঃ খালেক মন্ডল: গাইবান্ধার গোবিন্দগঞ্জে কাভার্ড ভ্যানের চাপায় মোজাম্মেল হক (৬৫) নামের এক কলা ব্যবসায়ী নিহত হয়েছেন।
রবিবার (২৭ আগষ্ট) সকাল ১১ টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের উপজেলার পান্থাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মোজাম্মেল হক গোবিন্দগঞ্জ উপজেলার বকচর গ্রামের বাসিন্দা। পেশায় তিনি একজন কলা ব্যবসায়ী। এই বিষয়টি নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার আফির আনোয়ার।
জানাগেছে, নিহত কলা ব্যবসায়ী ঢাকা-রংপুর মহাসড়কের পান্থাপাড়া এলাকায় অসাবধানতাবশত ব্যাটারীচালিত অটোরিকশা থেকে পড়ে যান। তাৎক্ষনিক রংপুরগামী সদাগর এক্সপ্রেস এন্ড কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ড ভ্যান তাকে চাপা দিলে ঘটনাস্থলেই মৃত্যু হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস লাশ উদ্ধার করে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানায় হস্তান্তর করে।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। কাভার্ড ভ্যানটি জব্দ করে থানায় আনা হয়েছে। চালকে আটক করা যায়নি। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য