
এম এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়া শহরে করতোয়া নদীতে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২১ আগস্ট) সকালে শহরের নির্মাণাধীন ফতেহ আলী ব্রিজ সংলগ্ন এলাকায় নদীর মাঝখান থেকে স্থানীয়দের খবরে পুলিশ মরদেহটি উদ্ধার করে।
পুলিশ জানিয়েছে, অজ্ঞাত যুবকের বয়স ২০ থেকে ২৫ বছর হবে। মরদেহের গায়ে কালো রঙের টিশার্ট পরিহিত। তবে শরীরের নিচের অংশে কোনো পোশাক ছিল না। মুখে হালকা গোঁফ ও ছোট করে ছাটা দাঁড়ি রয়েছে।
এসব তথ্য নিশ্চিত করে বগুড়া সদর ফাঁড়ির উপ পরিদর্শক (এসআই) খোরশেদ আলম জানান- সকাল সাড়ে সাতটার দিকে করতোয়া নদীতে মরদেহ ভাসছে এমন একটি খবর আসে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
তিনি আরও জানান- পুরুষ মানুষের এই মরদেহটি পানিতে থাকায় পচে ফুলে উঠেছে। এ জন্য মরদেহে কোনো আঘাতের চিহ্ন আছে কিনা বোঝা যাচ্ছে না। ময়নাতদন্তে এসব বিষয় বোঝা যাবে। মরদেহের পরিচয় জানতে পিবিআই টিম ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করেছে।
স্থানীয়রা জানান, গত কয়েকদিনের বৃষ্টিতে করতোয়া নদীতে পানির পরিমাণ বেড়েছে। এ জন্য তাদের ধারণা এই বৃষ্টির পানির ঢলে বগুড়ার উত্তর এলাকা থেকে সম্ভবত মরদেহটি ভেসে আসে। পরে ফতেহ আলী ব্রিজ এলাকায় কোনোভাবে আটকে ছিল। পানি নেমে যাওয়ায় মরদেহটি দৃশ্যমান হয়।
বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইহান ওলিউল্লাহ বলেন, মরদেহটি অন্তত দুদিন আগের হতে পারে বলে ধারণা করছি। এটি বৃষ্টির পানির ঢলে ভেসে আসতে পারে। আবার অন্য কোনো ঘটনা থাকতে পারে। পরিচয় জানার পর আমরা মূল ঘটনা নিশ্চিত হতে পারবো। পুলিশ সব বিষয় মাথায় রেখে কাজ করছি।
মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান সদর থানার এ কর্মকর্তা।