হোম » অন্যান্য বিভাগ » সিরাজগঞ্জে বন্যার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

সিরাজগঞ্জে বন্যার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

হুমায়ুন কবির সুমন,সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের শাহজাদপুর ও তাড়াশে পৃথক ঘটনায় বন্যার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৮ আগস্ট) বিকেলে শাহজাদপুরের জামিরতা মসজিদ পাড়া ও তাড়াশ উপজেলার পওতা গ্রামে এ ঘটনা ঘটে।

শনিবার (১৯ আগস্ট) সকালে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান এসব তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, শাহজাদপুর উপজেলার হাবিবুল্লাহনগর ইউনিয়নের রতনকান্দি গ্রামের স্বপন মোল্লার ছেলে মাসুদ রানা (৪) ও তাড়াশ উপজেলার বারুহাস ইউনিয়নের পওতা গ্রামের আবদুর রহিমের ছেলে আহসান হাবীব (আড়াই বছর)।

স্থানীয়রা জানান, শিশু মাসুদ রানাকে তার নানা মকদুম মোল্লার বাড়িতে রেখে বাবা-মা দুজনেই ঢাকায় থাকেন। শুক্রবার বাড়ির পাশে আসা বন্যার পানিতে ডুবে যায় মাসুদ। দীর্ঘ সময় শিশুটিকে দেখতে না পেয়ে খোঁজা শুরু করেন পরিবারের সদস্যরা। একপর্যায়ে বন্যার পানিতে তাকে ভাসতে দেখে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অপরদিকে তাড়াশ উপজেলার বারুহাস ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ময়নুল হোসেন জানান, শুক্রবার বিকেলে বাড়ির পাশে পুকুরপাড়ে খেলতে গিয়ে পরিবারের সদস্যদের অজান্তে পানিতে ডুবে যায় শিশু আহসান হাবীব। দীর্ঘ সময় তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন বাড়ির লোকজন। খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরের পানিতে ভাসতে দেখে পরিবারের সদস্যরা। পরে তাকে উদ্ধার করে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!