প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ৭:৩৪ পি.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ১৮, ২০২৩, ৪:২৬ অপরাহ্ণ
তৃণমূলে দলকে শক্তিশালী করতে আলফাডাঙ্গায় আ’লীগের মতবিনিময়

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের আলফাডাঙ্গায় তৃণমূল থেকে দল এবং এর সহযোগী সংগঠনগুলোকে আরও শক্তিশালী ও সাংগঠনিক কার্যক্রম বেগবান করার লক্ষে বিশেষ এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে ফরিদপুর জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক নিয়াজ জামান সজিব এবং তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম রিপন নেতাকর্মীদের সঙ্গে এ মতবিনিময় সভা করেন।
এসময় জেলা আওয়ামী লীগের নেতৃত্বে থাকা এ দু'জন নেতা বলেন, আওয়ামী লীগই একমাত্র দল যারা বাংলাদেশের মানুষের কল্যাণের কথা চিন্তা করে কাজ করে। তাই আপনারা ঐক্যবদ্ধ থাকলে দেশের কোন অপশক্তিই আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমাদের পরাজিত করতে পারবে না।
কাজেই আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে; নিজেদের মধ্যে বিভেদ রাখা যাবে না। আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের বিজয় নিশ্চিত করার জন্য এসময় তারা দলীয় নেতাকর্মীদের জনগণকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।
মতবিনিময় সভায় উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক মো. কামরুল ইসলামের পরিচালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুল আলীম সুজা, সহ-সভাপতি আব্দুর রউফ তালুকদার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ দেলোয়ার হোসেন, সাবেক পৌর মেয়র সাইফুর রহমান ও উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সেলিম রেজা প্রমুখ।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.