প্রিন্ট এর তারিখঃ জুন ৫, ২০২৬, ২:৪৯ এ.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ৭, ২০২৩, ৪:৩৫ অপরাহ্ণ
কিশোরগঞ্জে প্রধানমন্ত্রীর উপহারের ঘর ও জমি পাচ্ছেন ২৭২টি গৃহহীন পরিবার

শাহজাহান সাজু (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ঘর ও জমি পাচ্ছেন ২৭২ টি পরিবার।একই সঙ্গে ৬টি উপজেলাকে ভূমিহীন গৃহহীনমুক্ত উপজেলা ঘোষণা করা হচ্ছে।
আগামী বুধবার (৯ আগস্ট) প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সে এই ২৭২টি পরিবারকে গৃহ ও জমি হস্তান্তর কার্যক্রম উদ্বোধন করবেন।সোমবার (৭ আগস্ট) জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন উপলক্ষে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান কিশোরগঞ্জের জেলা প্রশাসক মো. আবুল কালাম আজাদ।
জেলায় দ্বিতীয় ধাপে করিমগঞ্জ উপজেলায় ১২টি, হোসেনপুর উপজেলায় ২২টি, মিঠামইন উপজেলায় ১২টি, নিকলী উপজেলায় ২০টি, বাজিতপুর উপজেলায় ৩২টি, কুলিয়ারচর উপজেলায় ৩৬টি, তাড়াইল উপজেলায় ৪৬টি, ইটনা উপজেলায় ৯২টি ঘর উপকারভোগীদের নিকট ২ শতাংশ জমিসহ হস্তান্তর করা হবে।
জেলা প্রশাসক মো: আবুল কালাম আজাদ জানান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের আওতাধীন চতুর্থ পর্যায়ের ২য় ধাপে সারাদেশে ২২ হাজার ১০১ টি গৃহহীন ও ভূমিহীন পরিবারকে জমিসহ পাকা ঘর হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যার মধ্যে কিশোরগঞ্জ জেলার ছয়টি উপজেলায় জমিসহ পাকাঘর পাবেন ২৭২ টি পরিবার। এর আগে চতুর্থ পর্যায়ের ১ম ধাপে এই কার্যক্রমের আওতায় জেলায় ২২১১ টি পরিবারকে পুনর্বাসন করা হয়।
উক্ত অনুষ্ঠানে নির্মিত ঘরের চাবি, জমির কবুলিয়ত-দলিল, নামজারী খতিয়ান, ডিসিআর এর কপি এবং ঘর প্রদানের সনদ সমন্বয়ে সজ্জিত ফোল্ডার আনুষ্ঠানিকভাবে সুবিধাভোগীদের কাছে হস্তান্তর করা হবে।প্রেস ব্রিফিংয়ে এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রুবেল মাহমুদ, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (ডিডিএলজি) হাবিবুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী সিদ্দিকীসহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.