প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ১১:৫২ এ.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ৬, ২০২৩, ২:৪৩ অপরাহ্ণ
কিশোরগঞ্জের হোসেনপুরে চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের হোসেনপুরে আরিফুল ইসলাম (২৯) নামে এক চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শনিবার (৫ আগষ্ট) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে পৌর সদরের ঢেকিয়া এলাকার ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করে হোসেনপুর থানা পুলিশ।
মৃত ডা.আরিফুল ইসলাম জেলার হাওর উপজেলা মিঠামইন সদর ইউনিয়নের বাসিন্দা রফিকুল ইসলামের ছেলে। তিনি হোসেনপুর পৌর সদরের ফায়ার সার্ভিসের পূর্ব পাশের মডার্ন জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের মালিক।আরিফুলের বড় ভাই আশরাফুল ইসলাম রাজিব বলেন, তার ছোট ভাই ২০২১ সালের ১১ ডিসেম্বর জেলা পাকুন্দিয়া উপজেলার ডা.শাহিন সুলতানা মীরাকে বিয়ে করেন।
বিয়ের বছর খানেক পর থেকে স্বামী-স্ত্রী দুজন মিলে শ্বশুরবাড়িতে মর্ডান জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার নামে একটি ক্লিনিক চালু করেন।তারা দুজন একটি বাসায় ভাড়া থাকতেন।সেখানে যাওয়ার কিছুদিন পর থেকে তাদের মধ্যে মনোমালিন্য সৃষ্টি হয়।প্রায়ই তাদের মধ্যে ঝগড়াবিবাদ হতো।ঝগড়া হলেই মীরার বড় ভাই ফোন করে জানাতো।আজ আর কোনকিছু জানায়নি।
হঠাৎ করে রাত পৌনে ২ টার দিকে থানা থেকে ফোনে জানানো হয় আমার ভাই আত্মহত্যা করেছে।রাজিব বলেন, তার ভাই আত্মহত্যা করতে পারে না। তাকে মীরা ও তার ভাইয়েরা পরিকল্পিতভাবে হত্যা করে ঝুলিয়ে রেখে আত্মহত্যার নাটক সাজিয়েছে। এই হত্যাকান্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।
হোসেনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান টিটু জানান, পুলিশ যখন লাশ উদ্ধার করে তখন ঘরের দরজা ভিতর থেকে লাগানো ছিল। আরিফুলের মরদেহ ফ্যানের সাথে গামছা প্যাচানো অবস্থায় ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা।আরিফুলের মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.