
আবু জাহের, শেরপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শেরপুরে পুকুর খননের একমাস পর কষ্টিপাথরের একটি বিষ্ণুমূর্তি উদ্ধার হয়েছে।
যার ওজন দশ কেজি নয়শ’ গ্রাম। শনিবার (২২জুলাই) বিকেলে উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের মামুরশাহী মাদ্রাসা মাঠ এলাকা থেকে ওই মুর্তিটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় এলাকাবাসী জানান, একমাস আগে মামুরশাহী দাখিল মাদ্রাসার প্রায় ছয় বিঘা আয়তনের একটি পুকুরটি সংস্কার করা হয়।
সেইসঙ্গে পুকুর সংস্কারের মাটি পাশের ফেরদৌস আলমের মালিকানাধীন কৃষি জমির মধ্যে স্তুপ করে রাখা হয়। শনিবার বিকেল ওই জমির পাশে স্থানীয় দুই শিশু শিফাত (১২) ও আব্দুল বারী (৯) খেলাধুলা করছিল।
একপর্যায়ে মূর্তিটি দেখতে পেয়ে বাবা মাকে জানান। তারা গ্রামের লোকজনকে জানালে দ্রুত তারা ঘটনাস্থলে এসে সত্যতা পেয়ে থানায় খবর দেন।
পরে পুলিশ এসে কষ্টিপাথরের মুর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে যান।
১০ নং শাহবন্দেগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা আবুল কালাম আজাদ জানান, মাটির স্তুুপের মধ্যে মূর্তিটি ঢাকা পড়ে।
তবে বিগত দুইদিনের বৃষ্টিতে সেটি বেড়িয়ে পড়ে। প্রথমে দুই শিশু দেখে তাদের খবর দেয়। এরপর থানায় সংবাদ দেওয়া হলে পুলিশ
এসে মুর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে যান। মূর্তিটির ওজন দশ কেজি নয়শ’ গ্রাম।
যার আনুমানিক মূল্য অর্ধকোটি টাকারও বেশি বলে জানান। এম সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে চেয়াম্যান আবুল কালাম আজাদ উপস্থিত সকলকে নিজ অর্থায়নে মিষ্টিমুখ করান।
শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) রবিউল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, স্থানীয়দের দেওয়া তথ্য পেয়েই ঘটনাস্থলে গিয়ে মূর্তিটি উদ্ধার করা হয়েছে।
এটি লম্বায় প্রায় দেড় ফুট। খুবই সুন্দর মূর্তিটি। এটি পুরোপুরি অক্ষত রয়েছে। উদ্ধার হওয়া বিষ্ণু মূর্তিটির বিষয়ে আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তীতে পদক্ষেপ নেওয়া হবে।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক