
আওয়াজ অনলাইন: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সামগ্রিক উন্নয়ন ও আধুনিকায়নের মাধ্যমে সেনাবাহিনীকে শক্তিশালী ও যুগোপযোগী বাহিনী হিসেবে গড়ে তুলতে বর্তমান সরকার বদ্ধপরিকর।
তিনি বলেন, বাংলাদেশ সেনাবাহিনী আজ শুধু দেশের প্রতিরক্ষার কাজে নয় বরং দেশের আর্থ-সামাজিক উন্নয়নে অবিচ্ছেদ্য অংশীদার।
দেশের যেকোনো দুর্যোগে বাংলাদেশ সেনাবাহিনী জনগণের পাশে দাঁড়িয়ে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।
শনিবার সেনাবাহিনীর সদর দফতরে প্রধান অতিথি হিসেবে ‘সেনাবাহিনী নির্বাচনী পর্ষদ-২০২৩’র আনুষ্ঠানিক উদ্বোধনের পর এ কথা বলেন তিনি। প্রথম পর্বের এই পদোন্নতি পর্ষদে বাংলাদেশ সেনাবাহিনীর কর্নেল ও লেফটেন্যান্ট কর্নেল পদবির যোগ্য কর্মকর্তারা পরবর্তী পদোন্নতির জন্য বিবেচিত হবেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেনাবাহিনীতে পদোন্নতির ক্ষেত্রে ব্যক্তিগত পছন্দের ঊর্ধ্বে উঠে সৎ, যোগ্য, দক্ষ এবং দেশপ্রেমিক কর্মকর্তাদেরকে নির্বাচিত করার জন্য উপস্থিত জ্যেষ্ঠ সেনা কর্মকর্তাদের নির্দেশ দেন।
জাতির পিতার হাতে গড়া সেনাবাহিনী জনগণের যে আস্থা ও বিশ্বাস অর্জন করেছে, তা ধরে রাখার জন্য তিনি সকলকে অনুরোধ করেন।
প্রযুক্তিগত উৎকর্ষের পাশাপাশি সেনাসদস্যদের পেশাগত মানোন্নয়নের উপরও তিনি গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানস্থলে পৌঁছালে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান তার নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক এবং সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।
শত কর্মব্যস্ততার মাঝেও সশরীরে উপস্থিত হয়ে নির্বাচনী পর্ষদ উদ্বোধন করায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন সেনা প্রধান।
অনুষ্ঠানে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এবং প্রধানমন্ত্রীর প্রেস সচিব উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষে প্রধানমন্ত্রী সেনাবাহিনীর উপস্থিত কর্মকর্তাগণের সাথে ফটোসেশনে অংশ নেন এবং পরিদর্শন বইয়ে মন্তব্য লেখেন।