হোম » অন্যান্য বিভাগ » জমির সীমানায় গাছ লাগানোকে কেন্দ্র করে ভাই-বোনকে কুপিয়ে হত্যা

জমির সীমানায় গাছ লাগানোকে কেন্দ্র করে ভাই-বোনকে কুপিয়ে হত্যা

শাহজাহান সাজু (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের হোসেনপুরে জমির সীমানায় গাছ লাগানোকে কেন্দ্র করে দুই ভাই-বোনকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের চাচা ও চাচাতো ভাইদের বিরুদ্ধে।
বৃহস্পতিবার (১৩ জুলাই) সকালে উপজেলার শাহেদল ইউনিয়নের পূর্ব কুড়িমারা গ্রামে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে।নিহত মাহমুদুল হাসান আলমগীর (৩০) ও নাদিরা খাতুন (২১) একই এলাকার শামসুল ইসলামের ছেলে-মেয়ে।
এ ঘটনায় শামসুল ইসলামের স্ত্রী আছমা খাতুন (৫০), ছেলে হুমায়ুন কবির (২৮) ও মেয়ে সালমা (২০) গুরুতর আহত হয়েছেন।তাঁদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।হোসেনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান টিটু এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,পূর্ব কুড়িমারা গ্রামের মৃত হোসেন আলীর দুই ছেলে শামসুল ইসলাম ও আব্দুল কাদিরের মধ্যে কিছুদিন ধরে জমির সীমানায় গাছ লাগানোকে কেন্দ্র করে বিরোধ চলছিল। আলমগীর এমবিএ পাস করে সিলেট শহরে ব্যবসা করতেন।গত বুধবার রাতে আলমগীর সিলেট থেকে গ্রামের বাড়িতে আসেন।
সকালে আলমগীর জমির সীমানায় গাছ লাগাতে যান।এ সময় আলমগীরের চাচা আব্দুল কাদির ও তাঁর চাচাতো ভাই আরমানসহ তাঁর অন্য ভাইয়েরা দা ও কুড়াল নিয়ে হামলা চালান।এ সময় আলমগীরের মা, ভাই ও বোনেরা ধরতে এলে তাঁদের ওপরও হামলা চালান।
দা ও কুড়ালের কোপে আলমগীর ঘটনাস্থলেই মারা যান। আলমগীরের বাবা শামসুল ইসলাম তাঁর মেয়েকে ফিরিয়ে নেওয়ার সময় আরমান দা দিয়ে কোপ দেন।
পরে শামসুল ইসলামের স্ত্রী আছমা খাতুন, মেয়ে নাদিরা, ছেলে হুমায়ুন কবির ও আরেক মেয়ে সালমাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়।নেওয়ার পথে নাদিরা খাতুন এর মৃত্যু হয়।স্বামী হত্যার সুষ্ঠু বিচার দাবি করেছেন নিহত আলমগীরের স্ত্রী ফাহিমা সুলতানা নীলা।
আলমগীরে বাবা শামসুল ইসলাম বলেন, একসাথে আমার ছেলে-মেয়ে দুজনকে হত্যা করেছে ভাই আব্দুল কাদির ও তাঁর ছেলেরা। তিনি এ হত্যাকাণ্ডের উপযুক্ত বিচার চান। এ ঘটনার পর কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ ও অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোহাম্মদ আল আমিন হোসাইন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
হোসেনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান টিটু বলেন, নিহত মাহমুদুল হাসান আলমগীর এর মরদেহ কিশোরগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং নারী নাদিরা খাতুনের মরদেহ ময়মনসিংহ মর্গে রয়েছে।
এ ঘটনায় এখন পর্যন্ত দুজনকে আটক করেছে পুলিশ।এ ঘটনায় হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!