প্রিন্ট এর তারিখঃ জুন ৫, ২০২৬, ১:৪৯ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ১৯, ২০২৩, ২:১৯ অপরাহ্ণ
সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদে হোসেনপুরে মানববন্ধন অনুষ্ঠিত

শাহজাহান সাজু (কিশোরগঞ্জ) প্রতিনিধি: সংবাদ প্রকাশের জেরে অনলাইন নিউজ পোর্টাল বাংলানিউজ টোয়েন্টিফোর.কমের জামালপুর ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট এবং একাত্তর টেলিভিশন ও দৈনিক মানবজমিনের বকশীগঞ্জ উপজেলা প্রতিনিধি সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমকে হত্যার প্রতিবাদে ও খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কিশোরগঞ্জের হোসেনপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৯ জুন) সকাল ১১ ঘটিকায় উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সকল সাংবাদিকদের উদ্যোগে উপজেলা পরিষদ সম্মুখে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন সাপ্তাহিক হোসেনপুর বার্তা পত্রিকার সম্পাদক প্রদীপ কুমার সরকার, অনলাইন পোর্টাল বাংলানিউজ টুয়েন্টিফোর ডটকমের কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি খাইরুল ইসলাম, দৈনিক গণমানুষের আওয়াজ পত্রিকার কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি ও অনলাইন পোর্টাল দৈনিক বার্তার প্রকাশক শাহজাহান সাজু, দৈনিক ভোরের কাগজ এর হোসেনপুর প্রতিনিধি জাকির হোসেন, দৈনিক জনকণ্ঠের হোসেনপুর প্রতিনিধি তারেক নেয়াজ, দৈনিক মানবজমিনের উপজেলা প্রতিনিধি মেজবাহ উদ্দিন মানিক প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন দৈনিক দৈনিক আমার সংবাদের উপজেলা প্রতিনিধি সনজিৎ শীল, দৈনিক যায়যায় পত্রিকার উপজেলা প্রতিনিধি আবু সুফিয়ান রাজু, সাংবাদিক তোশারফ হোসেনসহ উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার অন্যান্য সাংবাদিক বৃন্দ।
মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিক নির্যাতনের বিচারহীনতার কারণে গোলাম রাব্বানী নাদিমের মতো সাংবাদিককে হত্যার শিকার হতে হয়েছে। শুধুমাত্র সংবাদ লেখার কারণে একজন ইউপি চেয়ারম্যান নাদিমকে ডিজিটাল নিরাপত্তা আইনে ফাঁসানোর চেষ্টা করে ব্যর্থ হয়ে হত্যাকান্ডের মতো ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে।
হামলা-মামলাতেও সত্য প্রকাশ থামানো যায়নি বলেই খুন হতে হয়েছে এ সাংবাদিক বন্ধুকে। এই হত্যার সঙ্গে জড়িত ইউপি চেয়ারম্যানসহ সকল অপরাধীদের শাস্তির দাবি জানান বক্তারা।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.