
রবিউল হাসান লায়ন: জামালপুরের বকশীগঞ্জে সাংবাদিক গোলাম রব্বানী নাদিমের হত্যাকারী সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুসহ হত্যার সাথে জড়িত সকলের ফাঁসির দাবিতে প্রতিবাদ সভা করেছে জামালপুর প্রেসক্লাব। বৃহস্পতিবার বিকালে জামালপুর প্রেসক্লাব মিলনায়তনে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লুৎফর রহমানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন জামালপুর প্রেসক্লাবের সহ-সভাপতি অধ্যাপক সুরুজ্জামান, দৈনিক কালের কন্ঠের সাংবাদিক মোস্তফা মনজু, একুশে টিভির সাংবাদিক মুক্তা আহাম্মেদ, দৈনিক সচেতন কন্ঠের সম্পাদক বজলুর রহমান, ফটো জার্নালিস্ট এসোসিয়েশন জামালপুর জেলা শাখার সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম তুফান, বৈশাখী টিভির সাংবাদিক আনোয়ার হোসেন মুক্তা, এশিয়ান টিভির সাংবাদিক মোস্তাফিজুর রহমানসহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
এসময় সাংবাদিক গোলাম রব্বানী নাদিমের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবি করেন বক্তারা।
গোলাম রব্বানী নাদিম একাত্তর টিভি’র বকশীগঞ্জ উপজেলা প্রতিনিধি ও বাংলা নিউজ টোয়েন্টিফোর ডটকমে’র জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। পাশাপাশি তিনি জামালপুর প্রেসক্লাবের সহযোগী সদস্য ও জেলা অন-লাইন জার্নালিস্ট এসোসিয়েশনের সহ-সভাপতি পদে দায়িত্বরত ছিলেন।
জানা যায়, গত বুধবার রাতে বকশিগঞ্জের পাটহাটি এলাকায় সাংবাদিক গোলাম রব্বানী নাদিমকে হত্যার উদ্দেশ্যে তার উপর হামলা করে সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদুল আলম বাবু’র সন্ত্রাসী বাহিনী। পরে মৃত ভেবে অচেতন নাদিমকে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। গুরুতর অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে সাংবাদিক নাদিমকে প্রথমে বকশিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থার বেগতিক দেখে পরে ওইদিন রাতে তাকে ২৫০ শয্যা বিশিষ্ট জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার আরও অবনতি হলে বৃহস্পতিবার সকালে উন্নত চিকিৎসার জন্য নাদিমকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে সেখানে চিকিৎসারত অবস্থায় দুপুর ২ টা ৪০ মিনিটে মারা যায় সে।
জামালপুরের পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ জানান, সাংবাদিক নাদিমকে আক্রমনের ঘটনার সিসি টিভি ফুটেজ চেক করা হয়েছে এবং ঘটনার সাথে জড়িত তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলমান আছে। হামলাকারীরা কারো মদতে এই হামলা করেছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন
সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রীসহ নিহত ৩
‘বাড়ি জামালপুরে’—এটুকুই মনে আছে; পরিচয়হীন অসহায় নারী খুঁজছেন স্বজনদের
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত