হোম » অন্যান্য বিভাগ » সেই গৃহবধূকে কেরোসিন ঢেলে পুড়িয়ে হত্যা, ভগ্নিপতি গ্ৰেপ্তার

সেই গৃহবধূকে কেরোসিন ঢেলে পুড়িয়ে হত্যা, ভগ্নিপতি গ্ৰেপ্তার

আওয়াজ অনলাইন: গেলো ৮ জুন পটুয়াখালীর দুমকি নতুন বাজার এলাকায় শাহজাহান দারোগার ভাড়াটিয়া বাসায় হাত পা বেঁধে কেরোসিন দিয়ে পুড়িয়ে গৃহবধূ হালিমা আক্তার মীমকে হত্যার সাথে সরাসরি জড়িত তার চাচাত ভগ্নিপতি আরিফ সিকদারকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার রাতে ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার সকাল ১০টায় পুলিশ সুপারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে পটুয়াখালীর পুলিশ সুপার মো. সাইদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

পুলিশ সুপার বলেন, ঘটনাস্থল থেকে কিছু দূরে দুমকি মহাসড়কের সিসিটিভি ফুটেজে ওই ব্যক্তির গতিবিধি অস্বাভাবিক দেখে ছায়াতদন্ত করে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হন। আরিফ সিকদারের ভাষ্যমতে, এ ঘটনার সব পরিকল্পনা ছিল মীমের। সে তার শাশুড়িসহ শ্বশুরবাড়ির অন্যদের ফাঁসানোর জন্য তাকে খবর দিয়ে আগুন লাগানোর একটি নাটক সাজাতে চেয়েছিল। কিন্তু নাটক সাজাতে গিয়ে তার শরীরে আগুন লেগে গেলে সে দুর্ঘটনার শিকার হন।

গ্রেপ্তারকৃত আরিফ সিকদার দুমকি উপজেলার কার্তিকপাশা গ্রামের হামেদ সিকদারের ছেলে। তিনি ঢাকায় কেরানীগঞ্জে সুন্দরবন কুরিয়ার সার্ভিসে কর্মরত। মীমের সাথে তার প্রায়ই মোবাইলে কথা হতো। পরিকল্পনা করেই মীম ঢাকা থেকে আরিফ সিকদারকে দুমকি ডেকে আনেন এবং ঘটনা ঘটান। কিন্তু ভাগ্যের কী নির্মম পরিহাস, তার নিজের ফাঁদে নিজেই ধরা খেয়েছেন।

পুলিশ সুপার আরও জানান, আসামিকে কোর্টে চালান দেওয়া হয়েছে এবং তার জবানবন্দি রেকর্ড করা হয়েছে। তবে এ ঘটনার সাথে আরও কেউ জড়িত আছে কি না, সে বিষয় খতিয়ে দেখা হচ্ছে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!