প্রিন্ট এর তারিখঃ জুন ৫, ২০২৬, ৫:৩২ এ.এম || প্রকাশের তারিখঃ মে ২৯, ২০২৩, ২:১৭ অপরাহ্ণ
কিশোরগঞ্জে ছুরিকাঘাতে এসএসসি পরীক্ষার্থী খুন

কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের হোসেনপুরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে রিয়াদ খান (১৭) নামে এক এসএসসি পরীক্ষার্থী খুন হয়েছেন।
রোববার (২৮ মে) দিনগত রাত আনুমানিক সারে ১১টার দিকে উপজেলার জিনারী ইউনিয়নের বীর হাজিপুর গ্রামের জামতলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রিয়াদ ওই গ্রামের স্বপন খানের ছেলে।
তিনি পিপলাকান্দি উচ্চ বিদ্যালয় এসএসসি পরীক্ষার্থী ছিলেন।জিনারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজহারুল ইসলাম রোহিত এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।স্থানীয় সূত্রে জানা যায়, বীর হাজীপুর গ্রামের স্বপন মিয়ার ছেলে রিয়াদকে পারিবারিক বিরোধের জেরে রোববার দিনগত রাত আনুমানিক সারে ১১টার দিকে ছুরিকাঘাত করা হয়।
পরে মুমূর্ষু অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। রিয়াদের মৃত্যুর খবর শুনে পরিবারের লোকজন কান্নায় ভেঙ্গে পড়েন। এসএসসি পরীক্ষার্থী সম্ভাবনাময় তরুণের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
এ নিয়ে গত ছয় মাসে জিনারী ইউনিয়নে তিনটি খুনের ঘটনা ঘটেছে।হোসেনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান টিটু বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। সোমবার (২৯ মে) দুপুর পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা ও কাউকে আটক করা হয়নি বলেও জানান তিনি।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.