
হুমায়ুন কবির সুমন: জমি সংক্রান্ত বিরোধের জেরে সিরাজগঞ্জে গোলাপী খাতুন (৬০) নামে এক বৃদ্ধাকে ছুরিকাঘাত করে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবার (১৮ মে) সকালে পুলিশ গোলাপী খাতুনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জের ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
এরআগে, বৃহস্পতিবার রাত দেড় টার দিকে সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের মহিষামুড়া গ্রামে বৃদ্ধাকে হত্যা করা হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ এক ইউপি সদস্যসহ দুজনকে আটক করেছে।
নিহত গোলাপী খাতুন সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের মহিষামুড়া গ্রামের বাহেজ উদ্দিনের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রতনকান্দি ইউনিয়নের ইউপি সদস্য হারুন অর রশিদের সঙ্গে নিহত গোলাপী খাতুনের পরিবারের জমি নিয়ে বিরোধ চলছিল।
এরই জেরে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে হারুনের লোকজন বৃদ্ধা গোলাপী খাতুনকে একাধিক ছুরিকাঘাত করে হত্যা করে। খবর পেয়ে পুলিশ নিহত বৃদ্ধার মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। বৃদ্ধার শরীরে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।
রতনকান্দি ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন জানান, বাড়িতে ঢুকে বৃদ্ধাকে ছুটি মেড়ে হত্যা করার বিষয়টি শুনেছি। এতে তার স্বামী আহত হয়েছে। তবে কে বা কারা হত্যা করেছে বিষয়টি পুলিশ তদন্ত করছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, ঘটনার সত্যতা যাচাই করে আইনগত ব্যবস্থা গ্রহণে পুলিশ তদন্ত করছে। জিজ্ঞাসাবাদের জন্য ইউপি সদস্য হারুন অর রশিদসহ দুজনকে থানায় আনা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।