হোম » অন্যান্য বিভাগ » সন্তানকে ফিরে পেতে মায়ের সংবাদ সম্মেলন

সন্তানকে ফিরে পেতে মায়ের সংবাদ সম্মেলন

এম এ রাশেদ: বগুড়ায় নিখোঁজ সন্তানকে ফিরে পেতে সংবাদ সম্মেলন করেছেন অসহায় মা শ্রীমতি লক্ষ্মী রানী সরকার। গত ৩৭ দিন যাবৎ একমাত্র ছেলে শ্রী বিধান চন্দ্র সরকার (২০) নিখোঁজ। দীর্ঘ এক মাস ধরে সন্তানের সন্ধান না পেয়ে বাবা-মা পাগল প্রায়।
বুধবার (১৭ মে) বেলা সাড়ে ১২ টায় বগুড়া প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে কান্না জড়িত কন্ঠে লিখিত বক্তব্যে পাঠ করেন তিনি। নিখোঁজ বিধান চন্দ্র জেলার কাহালু উপজেলার মালঞ্চা ইউনিয়নের কলমাশিবা এলাকার শ্রী অনিল চন্দ্র সরকারের ছেলে।
কান্না জড়িত কণ্ঠে লিখিত বক্তব্যে লক্ষ্মী রানী বলেন, আমার একমাত্র ছেলে শ্রী বিধান চন্দ্ৰ গত এপ্রিল মাসের ১১ তারিখে রাত ৮ টার দিকে মোবাইলে টাকা তোলার কথা বলে বাড়ি থেকে বের হয়। এরপর আর সে বাড়ি ফিরে আসেনি।
ছেলের ব্যবহৃত মোবাইল ফোনে বেশ কয়েকবার কল দিয়ে যোগাযোগ করার চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি। এক পর্যায়ে আত্মীয় স্বজন ও ছেলের বন্ধুদের বাড়িতে খোঁজখবর নিলেও তার কোন সন্ধান পাওয়া যায়নি।
তিনি আরও বলেন, নিখোঁজ হওয়ার পরদিন জেলার কাহালু থানায় একটি নিখোঁজ জিডি করা হয় এবং র‍্যাব-১২ অফিসে একটি সাধারণ ডায়েরী করলেও এখন পর্যন্ত ছেলের কোন সন্ধান মেলেনি।
এমতাবস্থায় এক অসহায় মা সন্তানকে ফেরত পেতে সাংবাদিকদের স্বরণাপন্ন হয়েছেন। তিনি আশা করেন সকলের সহযোগিতা পেলে ফিরে পাবেন তার সন্তানকে। এসময় জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট সকলের নিকট বিষয়টি গুরুত্ব সহকারে দেখার জন্য সংবাদ সম্মেলনের মাধ্যমে অনুরোধ জানান তিনি।।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!