
আওয়াজ অনলাইন: শিমুলিয়া-মঙ্গলমাঝি নৌ রুটে শুরু হয়েছে ফেরি দিয়ে মোটরসাইকেল পারাপার। ঈদকে কেন্দ্র করে প্রতিদিন সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রতি তিন ঘণ্টা পরপর ফেরি চলাচল করছে। মোটরসাইকেল প্রতি ভাড়া নির্ধারণ করা হয়েছে ১৫০ টাকা।
মঙ্গলবার (১৮ এপ্রিল) সকাল ছয়টা থেকে এ রুটে ফেরি চলাচল শুরু হয়েছে।
পদ্মা সেতু দিয়ে মোটরসাইকেল পারাপার বন্ধ থাকায় ঈদে ঘরমুখী মানুষদের জন্য বিকল্প এ ব্যবস্থা চালু করছে নৌপরিবহন মন্ত্রণালয়। প্রায় ১০ মাস পর এই নৌপথে ফেরি চলাচল শুরু করার জন্য দুই ঘাট ও পন্টুন সংস্কার করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)।
বিআইডব্লিউটিসি সূত্রে জানা গেছে, ঈদে যানবাহনের সংকট থাকায় মোটরসাইকেল নিয়ে অনেকে বাড়িতে যান। তখন যাতে তারা নির্বিঘ্নে পদ্মা নদী পারাপার হতে পারেন, তার উদ্যোগ নেওয়ার সিদ্ধান্ত নেয় নৌপরিবহন মন্ত্রণালয়। মোটরসাইকেল পারাপারের জন্য কাল সকাল থেকে এ পথে দুটি কে-টাইপের ফেরি চলবে। একেকটি ফেরিতে ১৫০ থেকে ১৬০টি মোটরসাইকেল পার হতে পারবে। সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ফেরি চলবে। ভাড়া পড়বে ১৫০ টাকা।
তবে বাইকাররা বলছেন, তিন ঘণ্টা অপেক্ষা করে ফেরিতে ওঠা অনেকটা দুর্ভোগের সামিল, তাই প্রতি ঘন্টায় ফেরি চালানোর দাবি তাদের।
বিআইডব্লিউটিসির চেয়ারম্যান এস এম ফেরদৌস আলম সকালে ঘাট পরিদর্শনে এসে জানান, বাইকারদের সুবিধার্থে ভূর্তকি দিয়ে এই রুটে দুটি ফেরি চালু করা হয়েছে। চাপ বাড়লে দুই ঘণ্টা পর ছাড়বে ফেরি। আর অতিরিক্ত ভাড়া নিলে ব্যবস্থা নেওয়া হবে।
বিআইডব্লিউটিসির বাংলাবাজার ঘাট ও সাত্তার মাদবর মঙ্গলমাঝির ঘাটের ব্যবস্থাপক প্রফুল্ল চৌহান গণমাধ্যমকে বলেন, ঈদের আগে মোটরসাইকেল পারাপারের জন্য ফেরি চালানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রফুল্ল চৌহান আরও বলেন, দুটি ফেরি ভোলা থেকে আনা হচ্ছে। ঈদের পরও মোটরসাইকেল পারাপারের জন্য ফেরি চলবে। তবে তা কত দিন থাকবে, সে বিষয়ে এখনো সিদ্ধান্ত আসেনি।

আরও পড়ুন
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ
গোপালপুরে বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এর বাবা ইন্তেকাল করেছেন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা