
এম,এ রাশেদ: বগুড়ার কাহালুতে নেহারি খেতে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী তিন বন্ধু নিহত হয়েছেন। শনিবার (৩ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে উপজেলার বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের দরগাহাটে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন উপজেলার ছয়ঘরিয়া গ্রামের তরিকুল ইসলাম (২২), রাকিব প্রামাণিক (১৭) ও মিজান (১৮)। নিহতরা সবাই পেশায় কাঠমিস্ত্রি।
কাহালু থানার (ওসি) সেলিম রেজা জানান, আজ রাতে তিন বন্ধু মোটরসাইকেলে চড়ে বাড়ি থেকে উপজেলার কাজীপাড়ার একটি হোটেলে গরুর নেহারি খেতে যাচ্ছিলেন। পথে দরগাহাট পার হয়ে বগুড়া ভান্ডারের সামনে এলে নওগাঁমুখী একটি ট্রাক পেছন থেকে তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে মহাসড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তরিকুল ও রাকিব মারা যান। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা গুরুতর অবস্থায় মিজানকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করেন। সেখানে রাত ৯টার দিকে তিনিও মারা যান।
ওসি সেলিম রেজা বলেন, ঘটনাস্থলে নিহত দুজনের মরদেহ ও দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল থানা হেফাজতে আছে। এছাড়া নিহত মিজানের মরদেহ শজিমেক হাসপাতালের মর্গে রাখা আছে। ট্রাকটি দ্রুত পালিয়ে যাওয়ায় শনাক্ত করা যায়নি।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২