
আওয়াজ অনলাইন: রাজধানীর বঙ্গবাজারে ফয়সাল এন্ড ব্রাদার্সের স্বত্বাধিকারী পারভেজ ভূঁইয়া। এই মার্কেটে তার ৬টি দোকান। দীর্ঘ ২৪ বছর ধরে তিল তিল করে রক্ত-ঘাম ঝরিয়ে দোকানগুলো গড়েছেন তিনি। ভয়াবহ আগুনে দোকানগুলো মুহূর্তের মধ্যে পুড়ে ছাই হয়ে গেছে।
বুকফাটা মাতম করে পারভেজ ভূঁইয়া বারবার বলছেন, ‘কেউ আমার দোকানের একটু ছাই এনে দে, দোকানের একটু ছাই আমার শরীরে লাগাতে চাই। আমি নিঃস্ব হয়ে গেছি। এক পলকে পথের ভিখারি হয়ে গেছি।’
মঙ্গলবার (৪ এপ্রিল) সকাল ৬টা ১০মিনিটের দিকে আগুন লাগে রাজধানীর অন্যতম পাইকারি কাপড়ের মার্কেট বঙ্গবাজারে।
পারভেজ ভূঁইয়া দাবি করেন, ‘এই আগুন দুর্ঘটনাবশত লাগেনি। কেউ ষড়যন্ত্র করে লাগাতে পারে। সিটি কর্পোরেশন বারবার এই বঙ্গবাজার ভেঙে বহুতল ভবন করতে চাচ্ছে। অনেক দিন থেকে পাঁয়তারা করছে তারা। একটি মহল আমাদের রাস্তার ফকির বানিয়ে দিয়েছে। আল্লাহ ওদের বিচার করবে।’
এ সময় পারভেজ ভূঁইয়া স্ত্রী ও মেয়ের গলা জড়িয়ে ধরে কাঁদছিলেন। ‘তোমাদের আমি কী করে চালাবো? মেয়ের স্কুলের খরচ কীভাবে দেব? আমি ক্যাশ থেকে একটিও টাকা বের করতে পারিনি।’ বলেন তিনি।
শেষ খবর পাওয়া পর্যন্ত সাড়ে ৬ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের ৫০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।