
আওয়াজ অনলাইন : পরিকল্পনা প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের (জিইডি) সদ্য সাবেক সদস্য (সিনিয়র সচিব) ড. শামসুল আলম। রবিবার সন্ধ্যায় বঙ্গভবনের গ্যালারি হলে রাষ্ট্রপতি আবদুল হামিদ তাকে শপথ পড়ান।
ড. শামসুল আলম দীর্ঘ ১২ বছর ধরে চুক্তিভিত্তিক পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগে দায়িত্ব পালন করেছেন। গত ৩০ জুন তার মেয়াদ শেষ হয়েছে। শামসুল আলম পেশাগত জীবনে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ৩৫ বছর অধ্যাপনার অভিজ্ঞতা শেষে প্রেষণে ছুটিতে যান।
বর্তমানে মন্ত্রিসভায় মন্ত্রী আছেন ২৫ জন। এছাড়া ১৯ জন প্রতিমন্ত্রী এবং তিনজন উপমন্ত্রী বিভিন্ন দপ্তরের দায়িত্ব পালন করছেন। শামসুল আলমের শপথের মধ্য দিয়ে প্রতিমন্ত্রীর সংখ্যা বেড়ে দাঁড়াল ২০। সংসদ সদস্য না হওয়ায় তিনি মন্ত্রিসভায় টেকনোক্র্যাট হিসেবে জায়গা পাচ্ছেন।
কর্ম জীবনে তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, জার্মানির হামবোল্ট বিশ্ববিদ্যালয়, বেলজিয়ামের ঘেন্ট বিশ্ববিদ্যালয় এবং নেদারল্যান্ডসের ভাগিনিঙ্গেন বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট ইকোনমিকস স্কুলে শিক্ষকতায় যুক্ত ছিলেন।
ড. শামসুল আলম জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থায় ২০০২ সালের মার্চ থেকে ২০০৫ সালের ডিসেম্বর পর্যন্ত পূর্ণকালীন চাকরিরত ছিলেন। ইউএনডিপি বাংলাদেশে ১৪ মাস সিনিয়র স্কেলে পূর্ণকালীন জাতীয় কনসালটেন্ট হিসেবেও দায়িত্ব পালন করেন।
৩৫ বছরের অধ্যাপনার অভিজ্ঞতা শেষে শামসুল আলম ২০০৯ সালের ১ জুলাই পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে যোগদান করেন। পরে দফায় দফায় বাড়ে তার চুক্তির মেয়াদ। গত ৩০ জুন তার সর্বশেষ চুক্তির মেয়াদ শেষ হয়।
এদিকে অর্থনীতিতে বিশেষ অবদানের জন্য বাংলাদেশ সরকার শামসুল আলমকে ২০২০ সালে একুশে পদক প্রদান করে। এর আগে ২০১৮ সালে সাউথ এশিয়ান নেটওয়ার্ক ফর ইকোনমিক মডিউলিং তাকে ‘ইকোনমিক অব ইনফ্লুয়েন্স অ্যাওয়ার্ড’ দেয়।এর স্বীকৃতিস্বরূপ ইতোমধ্যেই ড. শামসুল আলম অর্থনীতিতে একুশে পদক লাভ করেছেন।
ছবি: সংগৃহীত। /এইচ.

আরও পড়ুন
মাস্টার্স পাস করেও কর্মহীন ৯ লাখ তরুণ: দিশেহারা উচ্চশিক্ষিত বেকার সমাজ
জুলাই থেকে বকেয়াসহ নিয়মিত বেতন স্বাভাবিক হচ্ছে: শিক্ষামন্ত্রী
‘বাংলার জয়যাত্রা’ ১১৫ দিন পর হরমুজ পার হলো