
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ
আর মাত্র ১৬ দিন পর জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ১২ ফেব্রুয়ারি বগুড়ার সাতটি সংসদীয় আসনে একযোগে ভোটগ্রহণ হবে। এ নির্বাচনে জেলার ৯৮৩টি ভোটকেন্দ্রের ৫ হাজার ৪৭৮টি কক্ষে ভোটাধিকার প্রয়োগ করবেন প্রায় ২৯ লাখ ৮২ হাজার ভোটার।
জেলা নির্বাচন কার্যালয়ের তথ্য অনুযায়ী, বগুড়ার সাত আসনে মোট ভোটার সংখ্যা ২৯ লাখ ৮১ হাজার ১৪০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৪ লাখ ৮০ হাজার ৮৭১ জন, নারী ভোটার ১৫ লাখ ১ হাজার ২৭ জন এবং হিজড়া ভোটার ৪২ জন। পুরুষ ভোটারের তুলনায় নারী ভোটার বেশি রয়েছেন ২০ হাজার ১৫৬ জন।
নির্বাচনকে সামনে রেখে জেলার ৯৮৩টি ভোটকেন্দ্রের মধ্যে ১৯০টি কেন্দ্রকে অতি গুরুত্বপূর্ণ (অধিক ঝুঁকিপূর্ণ) হিসেবে চিহ্নিত করা হয়েছে। এছাড়া ৩১০টি কেন্দ্র গুরুত্বপূর্ণ এবং ৪৮৩টি কেন্দ্র সাধারণ হিসেবে বিবেচনা করা হয়েছে। সব কেন্দ্রেই নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
বগুড়া জেলা পুলিশ সূত্র জানায়, অতি গুরুত্বপূর্ণ কেন্দ্রে তিনজন, গুরুত্বপূর্ণ কেন্দ্রে দুইজন এবং সাধারণ কেন্দ্রে একজন করে পুলিশ সদস্য মোতায়েন থাকবেন। পাশাপাশি প্রতিটি ভোটকেন্দ্রে ১৫ থেকে ১৭ জন আনসার সদস্য দায়িত্ব পালন করবেন। নিরাপত্তা জোরদারে সেনাবাহিনী, র্যাব ও বিজিবি সদস্যরাও মাঠে থাকবেন।
পুলিশ আরও জানায়, ভোটকেন্দ্রে কোনো ধরনের অনিয়ম বা বিশৃঙ্খলা দেখা দিলে বডি ওয়ার্ন ক্যামেরা ও সিসি ক্যামেরার ফুটেজ ব্যবহার করে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে বগুড়া জেলা পুলিশ সুপার মো. শাহদাত হোসেন বলেন, “ভোটকেন্দ্রগুলোকে ঝুঁকির মাত্রা অনুযায়ী বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। সেই অনুযায়ী পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন, যাতে নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।”

আরও পড়ুন
মাস্টার্স পাস করেও কর্মহীন ৯ লাখ তরুণ: দিশেহারা উচ্চশিক্ষিত বেকার সমাজ
জুলাই থেকে বকেয়াসহ নিয়মিত বেতন স্বাভাবিক হচ্ছে: শিক্ষামন্ত্রী
‘বাংলার জয়যাত্রা’ ১১৫ দিন পর হরমুজ পার হলো