
সান্টু ইসলাম, নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি
বন্যপ্রাণী রক্ষায় সাহসিকতা,জাতীয় পুরস্কার পেলেন নাটোরের ফজলে রাব্বী। বাংলাদেশ চায়না মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা-২০২৫ এবং জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২৫ এর উদ্বোধন করেন,গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের হাত থেকে পুরস্কার গ্রহণ করেন,নাটোরের পরিবেশ কর্মী ফজলে রাব্বী।
২০২০ সালের ১২ আগস্ট নাটোরের নলডাঙ্গা উপজেলার এক গ্রামে ঘটেছিল অদ্ভুত এক ঘটনা। ওই দিন শাহাদত হোসেন নামের এক ব্যক্তি অবৈধভাবে ৪৯টি বিষধর খৈয়া ও পদ্মগোখরা সাপ আটকে রেখেছিলেন। অপ্রশিক্ষিত কারও কাছে এতগুলো সাপ থাকায় গ্রামে ছড়িয়ে পড়ে প্রচণ্ড আতঙ্ক। বিষয়টি জানতে পারেন স্থানীয় পরিবেশকর্মী ফজলে রাব্বী। তিনি দ্রুত যোগাযোগ করেন বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সঙ্গে। বিভাগের কর্মকর্তারা গিয়ে সাপগুলো উদ্ধার করে সংরক্ষিত স্থানে ছেড়ে দেন। এতে আতঙ্কমুক্ত হয় গ্রামবাসী।

এই একটি ঘটনা নয়,ফজলে রাব্বী ও তাদের সংগঠন সবুজ বাংলার কর্মকাণ্ডে প্রাণ ফিরে পেয়েছে বহু বন্যপ্রাণী। শিকারিদের কবল থেকে তিনি উদ্ধার করেছেন ৯ হাজারের বেশি বিভিন্ন প্রজাতির পাখি, ৫টি হনুমান, ৮২টি সাপ, ১টি শকুন, ৫টি বেজি, ১টি মেছো বিড়াল, ১৮টি বনবিড়াল, ১টি নেপালি ইগল, ৫টি দেশি ইগল, ২৮টি কাছিম ও ২টি ময়ূর। এ ছাড়া উদ্ধার করেছেন বন্য প্রাণী শিকারির ৩৫০টি ফাঁদ ও জাল।
গাছ থেকে লোহা,পেরেক, ব্যানার,ফেস্টুন,সাইনবোর্ড অপসারণ।
পরিবেশ রক্ষায় জনসচেতনতা তৈরিতে তারা রোপণ করেছেন ৩০ হাজার গাছ,বিতরণ করেছেন ১ লাখ ৩০ হাজার লিফলেট ও মাইকিং করেছেন ১৮০ বার।
নাটোরের নলডাঙ্গা উপজেলার মাধনগর হাজীপাড়ার বাসিন্দা ফজলে রাব্বীর বয়স ৩২ বছর। ছাত্রজীবন থেকেই তিনি পরিবেশ ও বন্য প্রাণী রক্ষায় কাজ করে আসছেন। বর্তমানে তিনি বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশনের (বিবিসিএফ) প্রচার সম্পাদক।
পরিবেশ ও বন্যপ্রাণী সংরক্ষণে বিশেষ অবদানের জন্য তাঁকে ২০২৫ সালের বন্য প্রাণী সংরক্ষণে জাতীয় পুরস্কার দেওয়া হয়েছে।
গত ২৫ জুন ঢাকায় বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান তাঁর হাতে পুরস্কার তুলে দেন।
ফজলে রাব্বী বলেন,নলডাঙ্গা পুরোপুরি বন্য প্রাণীর জন্য নিরাপদ না হওয়া পর্যন্ত আমার কাজ চলবে। তিনি ভবিষ্যৎ প্রজন্মকে পরিবেশ সচেতন করতে গড়ে তুলেছেন স্বেচ্ছাসেবী সংগঠন ‘সবুজ বাংলা’।
গ্রামের শিশুসহ নানা বয়সের নারী-পুরুষ এই সংগঠনের সদস্য। হালতি বিলসহ আশপাশের যেকোনো জায়গায় বন্যপ্রাণী বিপদে পড়লেই সঙ্গে সঙ্গে খবর পান সংগঠনের সদস্যরা। ছুটে যান ঘটনাস্থলে।
অনেকে বলেন,এই সম্মাননা দেশের বন্য প্রাণী সংরক্ষণ, গবেষণা ও পরিবেশ শিক্ষায় জনগণের সচেতনতা ও সম্পৃক্ততা বাড়াবে। পাশাপাশি,পরিবেশবান্ধব উদ্যোগকে অনুপ্রেরণা জোগাবে এবং ভবিষ্যৎ প্রজন্মকে এ কাজে উৎসাহিত করবে।

আরও পড়ুন
তোফায়েল আহমেদ আর নেই
জনগণকে আইনি সুরক্ষা দেওয়া পুলিশের প্রধান দায়িত্ব : আইজিপি আলী হোসেন ফকির
আগামী দুই বছরের মধ্যেই বিমানবন্দরটি চালু করার পরিকল্পনা রয়েছে