
আওয়াজ অনলাইন রিপোর্ট
বাংলাদেশে প্রথমবারের মতো সরকারি সফরে আসছেন সৌদি আরবের যুবরাজ ও প্রধানমন্ত্রী মুহাম্মদ বিন সালমান। সোমবার (১১ আগস্ট) ঢাকায় সৌদি আরব–বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির এক আলোচনা সভায় এ তথ্য জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব ড. নজরুল ইসলাম।
সভায় তিনি আরও জানান, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসও শিগগিরই সৌদি আরব সফর করবেন। এসময় সৌদি স্বাস্থ্যখাতের উদ্যোক্তা ও বিশেষজ্ঞ ড. খালিদ মোঘেম আল হারবি ঘোষণা দেন— ইউনিক গ্রুপের সাথে যৌথ উদ্যোগে সৌদি উপযোগী প্রশিক্ষণপ্রাপ্ত ১০০ জন বাংলাদেশি নার্স নিয়োগ দেওয়া হবে।
ঢাকার শেরাটন হোটেলে ‘বাংলাদেশ হেলথকেয়ার প্রোসপেক্ট ইন সৌদি অ্যারাবিয়ান এমপ্লয়মেন্ট মার্কেট’ শীর্ষক এই আলোচনায় সভাপতিত্ব করেন চেম্বারের সভাপতি আশরাফুন হক চৌধুরী। প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্র সচিব ড. নজরুল ইসলাম।
তিনি বলেন, “আগামী নির্বাচনে যে দলই সরকার গঠন করুক, সৌদি আরবের জন্য নীতি অপরিবর্তিত থাকবে।”
বেসরকারি খাতের উদ্যোক্তারা দুই দেশের বিনিয়োগ সম্ভাবনা নিয়ে মতবিনিময় করেন। বক্তারা জানান, সৌদি আরবের মান অনুযায়ী নার্সিং প্রশিক্ষণ দেওয়া গেলে বাংলাদেশের জন্য বিশাল কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। দক্ষ নার্স তৈরিতে সরকারের নানা উদ্যোগও তুলে ধরেন স্বাস্থ্য মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয় এবং দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের প্রতিনিধিরা।