হোম » জাতীয় » বীরপ্রতিক সুবেদার আব্দুর রশিদের নামে বিজিবি স্থাপনায় নামফলক উন্মোচন

বীরপ্রতিক সুবেদার আব্দুর রশিদের নামে বিজিবি স্থাপনায় নামফলক উন্মোচন

আওয়াজ প্রতিবেদক

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) খাগড়াছড়ি ব্যাটালিয়ন (৩২ বিজিবি)-এর একটি স্থাপনায় বীরপ্রতিক সুবেদার আব্দুর রশিদের নামফলক উন্মোচন করা হয়েছে।
গত শুক্রবার (২৭ জুলাই ২০২৫) খাগড়াছড়িতে বিজিবি কর্মকর্তাদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে নামফলকটি উন্মোচন করা হয়। এ সময় বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় সুবেদার আব্দুর রশিদ তৎকালীন ইস্ট পাকিস্তান রাইফেলস (ইপিআর)-এর একজন বীর যোদ্ধা ছিলেন। সাহসিকতা ও আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ তাঁকে ‘বীরপ্রতিক’ খেতাবে ভূষিত করে বাংলাদেশ সরকার।
বিজিবির পক্ষ থেকে  মুক্তিযুদ্ধে সরাসরি অংশগ্রহণকারী প্রাক্তন ইপিআর সদস্য সুবেদার আব্দুর রশিদের নামফলকটি স্থাপন করা হয়।


এ উপলক্ষে গত ২২ জুলাই তাঁর পরিবারের কাছে একটি আমন্ত্রণপত্র পাঠানো হয় যাতে তাঁরা অনুষ্ঠানে অংশ নিতে পারেন।

বিজিবির এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বীরপ্রতিক আব্দুর রশিদের পরিবারের সদস্যরা বলেন, “বাবার আত্মত্যাগ আজ রাষ্ট্রীয় স্বীকৃতি পেয়েছে—এ গর্ব ভাষায় প্রকাশ করার নয়।”

জেসিও ১১৮২ সুবেদার আব্দুর রশিদ ১৯২৮ সালের ১ জুলাই ব্রাহ্মণবাড়িয়া জেলার উত্তর গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৫১ সালে তিনি তৎকালীন ইপিআর-এ যোগ দেন এবং ১৯৭১ সালের ২৭ মার্চ যশোর সেক্টরের অধীনে বিদ্রোহ করে মুক্তিযুদ্ধে অংশ নেন।
মে মাসের শেষ দিকে সাতক্ষীরার ভোমরায় পাকিস্তানি বাহিনীর সঙ্গে টানা ১৪ ঘণ্টার রক্তক্ষয়ী যুদ্ধে তিনি অসাধারণ নেতৃত্ব ও সাহসিকতার পরিচয় দেন। শত্রুর একাধিক আক্রমণ প্রতিহত করে মুক্তিযোদ্ধারা তাদের অবস্থান রক্ষা করতে সক্ষম হন।
অসীম বীরত্বের স্বীকৃতিস্বরূপ সরকার সুবেদার আব্দুর রশিদকে ‘বীরপ্রতিক’ খেতাবে ভূষিত করে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!