প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ৭:৫৫ এ.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ২২, ২০২৪, ১১:৪৫ পূর্বাহ্ণ
আগামী সাত দিনের মধ্যে নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখার আলটিমেটাম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মো. বিন ইয়ামিন মোল্লা আগামী সাত দিনের মধ্যে ভোজ্য তেল, চিনি এবং আলুর দাম (ভোজ্য তেল ১২০ টাকা, চিনি ৯০ টাকা ও আলু ২৫ টাকা ) সহনীয় পর্যায়ে নামিয়ে আনার জন্য সরকার ও ব্যবসায়ী সংগঠনগুলোকে আলটিমেটাম দিয়েছেন। বুধবার (২১ আগস্ট) রাজধানীর পরীবাগে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভায় তিনি এই দাবি জানান।
মোল্লা বলেন, ভোজ্য তেলের দাম প্রতি লিটার ১২০ টাকা, চিনির দাম প্রতি কেজি ৯০ টাকা, এবং আলুর দাম প্রতি কেজি ২৫ টাকায় নামিয়ে এনে নতুন মূল্য নির্ধারণ করতে হবে। তিনি আরও বলেন, যারা দুর্নীতি করেছেন এবং স্বৈরাচারী সরকারের দোসর হিসেবে কাজ করেছেন, তাদের আইনের আওতায় এনে শাস্তি দিতে হবে। এছাড়াও, তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি একটি ট্রুথ কমিশন গঠনের আহ্বান জানান, যার মাধ্যমে বাংলাদেশের প্রতিটি মানুষ ন্যায্যতা পাবে।
বিভিন্ন ব্যবসায়ী সংগঠনগুলোর উদ্দেশে মোল্লা বলেন, সিন্ডিকেটের মাধ্যমে বিগত সরকারের রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার করে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করে সাধারণ মানুষকে শোষণ করা হয়েছে। তিনি ব্যবসায়ী সংগঠনগুলোকে আহ্বান জানান, তারা যেন জনবান্ধব ও জনকল্যাণমূলক মূল্যবোধ নিয়ে ব্যবসা পরিচালনা করেন এবং অতিরিক্ত মুনাফার পথে না হাঁটেন।
মোল্লা আরও বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে ব্যবসায়ী সংগঠনগুলোর কমিটি ভেঙে দিয়ে প্রশাসক নিয়োগ করতে হবে এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় নতুন কমিটি গঠনের জন্য নির্বাচন দিতে হবে। এই সভায় বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের চেয়ারম্যান প্রদীপ রঞ্জন চক্রবর্তীর উপস্থিতিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
-আওয়াজ অনলাইন-
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.